২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুর্চির খোঁজে এসে খুন হোটেল মালিক

নগরীতে নিজের হোটেলের জন্য বাবুর্চি ঠিক করতে এসে খুন হলেন এক হোটেল মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে নিজের হোটেলের জন্য বাবুর্চি ঠিক করতে এসে খুন হলেন এক হোটেল মালিক। রোববার রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ে সিআরবি সাত রাস্তার মাথা থেকে ব্যবসায়ী জহুর আহমদের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জহুর হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা খবর দিলে রাতে গিয়ে সিআরবি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, "প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহতের গলায় সিএনজি চালকদের একটি নীল রঙের শার্ট প্যাঁচানো ছিলো। মুখে ছিলো রক্তের দাগ।" জহুরের স্বজনরা তার লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় জহুরের ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। এসআই আরিফুল বলেন, নিজের আরেকটি নতুন হোটেলের জন্য বাবুর্চি ঠিক করতে জহুর হাটহাজারী থেকে নগরীতে এসেছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তবে জহুরের কাছ থেকে কী পরিমাণ টাকা খোয়া গেছে, সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৩১৩ ঘ.