২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কেটে ভবন নির্মাণ করায় চুয়েটকে নোটিস

পাহাড় কেটে ভবন নির্মাণ করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) কারণ দর্শানোর নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কেটে ভবন নির্মাণ করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) কারণ দর্শানোর নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক (কারিগরী) তাজমিনুর রহমান রোববার চুয়েটের নির্বাহী প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী বরাবর এ নোটিস দেন। পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন করায় কেন সংশ্লিষ্ট ব্যবস্থা নেওয়া হবে না- নোটিসে এ বিষয়টি জানতে চাওয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১ নভেম্বরের মধ্যে নির্বাহী প্রকৌশলীকে অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।" একইসঙ্গে পাহাড়কাটা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয় নোটিসে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়। চুয়েটের নতুন খোলা 'পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের' জন্য পাঁচতলা ভবন নির্মাণের জন্য রাউজানে অবস্থিত ক্যাম্পাসের শেষ প্রান্তে এস্কেবেটর দিয়ে পাহাড়কাটার স্থলটি শনিবার পরিদর্শন করে পরিবেশ অধিপ্তরের একটি দল। শনিবার অধিদপ্তরের পক্ষ থেকে পাহাড় কেটে মাটি উত্তোলন ও ভবন নির্মাণ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে শনিবার চুয়েটের পূরকৌশল বিভাগের ডিন ও প্ল্যানিং কমিটির পরিচালক ড. সাইফুল ইসলাম বলেছিলেন, পাঁচতলা ভবন নির্মাণের প্রকল্পটি একনেক থেকে অনুমোদিত। ভিত নির্মাণের পর কেটে নেওয়া মাটি পুনরায় যথাস্থানে প্রতিস্থাপন করা হবে। ২০১০-১১ শিক্ষাবর্ষে চুয়েটে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৪৫ ঘ.