লক্ষ্মীপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে মামীকে খুনের অভিযোগে লক্ষ্মীপুরে ভাগিনাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে জবাই করে খুন করা হয় নুরজাহান বেগমকে (৬০)।
এ সময় আহত হন চারজন। এরা হলেন নুরজাহানের বোন ফাতেমা বেগম, মেয়ে মায়া (৩৫), সৌদি আরব প্রবাসী ছেলে সেলিম ও তার স্ত্রী।
গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দু'জন হলেন নুরজাহানের ভাগিনা মো. হাবিব ও তার বন্ধু মো. শাওন।
এলাকাবাসীর বরাতি দিয়ে রামগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, শনিবার রাতে ঢাকা থেকে হাবিব ও শাওন সোনাপুর গ্রামে মামার বাড়ি বেড়াতে আসে।
ভোরে নুরজাহান বেগমকে ঘুম থেকে জাগিয়ে হাবিব তাকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিব ও শাওন জবাই করে নুরজাহানকে।
নুরজাহানের চিৎকারে এগিয়ে এলে অন্যরা আহত হন। পরে প্রতিবেশীরা এসে এ দু'জনকে আটক করে পুলিশে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৪ ঘ.
bdnews24