২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাশয় ভরাট বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

পুকুর-দীঘি ও জলাশয় ভরাট বন্ধের দাবিতে চট্টগ্রামে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুকুর-দীঘি ও জলাশয় ভরাট বন্ধের দাবিতে চট্টগ্রামে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করে 'জনউদ্যোগ', 'পিপলস ভয়েস' ও 'পরিবেশ ছাত্র ফোরাম'। মানববন্ধন শেষে সমাবেশে পিপলস ভয়েসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে পুকুর-দীঘি ভরাট করা হচ্ছে। জলাশয় ভরাটের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অথচ নগর কর্তৃপক্ষগুলো নির্বিকার। 'চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১৯৯৫ সালে করা ড্রেনেজ মাস্টার প্ল্যান ও ডিটেইলড এরিয়া প্ল্যানে জলাশয় রক্ষার পরিকল্পনা থাকলেও সিডিএ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, শহরের হালিশহর ও হামজারবাগে শতাধিক বছরের পুরনো দুটি দীঘি ভরাটের পাঁয়তারা চলছে। পাশাপাশি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আসকার দীঘিটি সংষ্কারহীন অবস্থায় ফেলে রাখা হয়েছে। সরাসরি ভরাট না করে আবর্জনা জমিয়ে দীঘিটি ভরাটের প্রক্রিয়া চলছে- এমন অভিযোগ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বন্দর নগরী একটি জলাশয়বিহীন শহরে পরিণত হবে। যুব রেডক্রিসেন্ট, বর্ণালী, সংশপ্তক, দৃষ্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৯৩০ ঘ.