২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কয়লা উত্তোলন পদ্ধতি নির্ধারণ পুরনো তথ্যের ভিত্তিতে'

কয়লা উত্তোলনে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান মোশারফ হোসেন বলেছেন, পুরনো তথ্যের ওপর ভিত্তি করেই কয়লা উত্তোলনের পদ্ধতি নির্ধারণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়লা উত্তোলনে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান মোশারফ হোসেন বলেছেন, পুরনো তথ্যের ওপর ভিত্তি করেই কয়লা উত্তোলনের পদ্ধতি নির্ধারণ করা হবে। তিনি বলেন, "এক্ষেত্রে খনিক্ষেত্রগুলোর ভূ-তাত্ত্বিক গঠন বিশ্লেষণ ও ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।" রোববার রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব ওয়াটার মডিউলিং (আইডব্লিউএম) কার্যালয়ে বিশেষজ্ঞ কমিটির খনি ও পানি ব্যবস্থাপনা বিষয়ক উপ-কমিটির যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি। বিশেষজ্ঞ কমিটি ও খনি বিষয়ক কমিটির প্রধান মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানি ব্যবস্থাপনা যথাযথভাবে করতে পারলে উন্মুক্ত অথবা ভূ-গর্ভস্থ হোক যে পদ্ধতিতেই কয়লা উত্তোলন করি না কেন তা সহজ হবে। এজন্য পানি ব্যবস্থাপনার বিষয়কে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।" পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশারফ আরো বলেন, "কমিটির কাজ যেভাবে এগুচ্ছে তাতে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া সম্ভব হবে।" কয়লা উত্তোলনের পদ্ধতি, পানি ব্যবস্থাপনা, আর্থ-সামাজিক, পরিবেশগত এবং পুনর্বাসন বিষয়ে মত দিতে গত ৮ সেপ্টেম্বর ১৫ সদস্যের এ বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার। এরপর ১২ অক্টোবর কমিটির প্রথম সভা হয়। ওইদিন থেকেই পরবর্তী চার মাসের মধ্যে কমিটিকে সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলা হয়। কমিটির প্রথম সভা শেষে মোশারফ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, খসড়া কয়লা নীতি নয়, কোন পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে সে বিষয়ে সুপারিশ করবে এ কমিটি। ওইদিনই কয়লা উত্তোলনের পদ্ধতি নির্ধারণে ছয়টি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটিগুলো হলো- ভূ-তত্ত্ব সম্পর্কিত, পানি ব্যবস্থাপনা, খনি সম্পর্কিত, ক্ষতিপূরণ, পরিবেশগত দিক বিবেচনা এবং আর্থিক ও সামাজিক লাভের তুলনামূলক বিশ্লেষণ। এর আগে গত বছরের এপ্রিল মাসে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে প্রধান করে সরকার খসড়া কয়লানীতি প্রণয়নের জন্য কমিটি গঠন করে। ওই কমিটি একই বছরের অক্টোবরে খসড়া কয়লানীতি প্রণয়ন করে জনগণের মতামত নিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে। এরপর তা আর চূড়ান্ত হয়নি। এ অবস্থায় নতুন এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ পর্যন্ত পাঁচটি কয়লা খনি আবিষ্কার করেছে। এসব খনিতে কয়লার সম্ভাব্য মজুদ প্রায় তিন হাজার মিলিয়ন টন বলে ধারণা করা হয়। খনি পাঁচটি হলো- দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দীঘিপাড়া জয়পুরহাটের জামালগঞ্জ এবং রংপুরের খালসপীর। এর মধ্যে বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ভূ-গর্ভস্থ পদ্ধতিতে দৈনিক প্রায় তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হচ্ছে। যার অধিকাংশ ব্যবহৃত হচ্ছে সেখানকার তাপভিত্তিক ২৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৭২৭ ঘ.