বেনাপোল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচার হওয়া শিশুসহ ১৫ জনকে ফেরত দিয়েছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত আসা সবার বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায় বলে পুলিশ জানিয়েছে।
ফিরে আসাদের বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক সজীব দত্ত জানান, চার মাস আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি নারী-শিশু পাচারকারীচক্র অবৈধভাবে ওদের ভারতে পাচার করে।
পরে ভারতের কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালোর শহরে তারা পুলিশের হাতে ধরা পড়ে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, 'সংলাপ' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখে।
এরপর দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ফেরত আসা ১৫ জনের মধ্যে রয়েছেন কবির হোসেন (২২), বাবুল মিয়া (২৭), শিমুল খান (১৮), মিলন খান (২৪), শফিক (২৩), আল আমিন (২৯), শাখাওয়াত হোসেন (২০), শাহজাহান শেখ (২৬), ইমরান হোসেন (২২), জাহিদ হাসান (২৮), সুমন হাওলাদার (২৪), সেলিনা বেগম (১৯), শাহিদা বেগম (২৫) এবং শিশু আজীজুল ও রেশমা।
শনিবার রাতে ওদেরকে পুলিশ স্বেচ্ছাসেবক সংগঠন 'ওয়াল্ড ভিশন' -এর প্রতিনিধিদের হাতে তুলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24