সাতক্ষীরা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সাতক্ষীরা চিত্র'র সম্পাদক হাবিবুর রহমান হাবিবের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।
শনিবার সাতক্ষীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
প্রেসক্লাব সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী ও সম্পাদক কাজী শহীদুল হক রাজু স্বাক্ষরিত এই স্মারকলিপি দেওয়ার সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক স্মারকলিপিটি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র, তথ্য ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর পাঠানোর আশ্বাস দিয়ে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৬ অক্টোবর কয়েকজন সাংবাদিক স্থানীয় দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক হাবিবুর রহমানের ওপর হামলা চালায়।
এ ঘটনায় ওইদিনই হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
স্মারকলিপিতে আরো বলা হয়, এরপর হামলাকারীরাও পাল্টা একটি মিথ্যা মামলা করে হাবিবুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকসহ কয়েকজনকে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24