জামালপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় 'জাল ডলার ব্যবসায়ী'র সঙ্গে র্যাবের সংঘর্ষে র্যাবসহ অন্তত তিনজন আহত হয়েছে।
শনিবার দুপুরে খুঁটির চর হাশিমপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে র্যাব জানিয়েছে।
এ সময় মো. কাবিল হোসেন (৩৫) নামে একজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে। কাবিল হাশিমপুর গ্রামের সামস উদ্দিনের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও ডলারের কয়েকটি জাল নোট উদ্ধার করা হয়েছে।
আটক কাবিল ও দুই র্যাব সদস্যকে দেওয়ানগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২ জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক কামাল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে জাল ডলার ব্যবসায়ী কাবিলের বাড়িতে র্যাব অভিযান চালায়।
এ সময় জাল ডলার ব্যবসায়ী চক্রের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়লে র্যাবও এক রাউন্ড গুলি ছোঁড়ে।
এতে বাম পায়ে গুলি লেগে কাবিল আহত হন। পরে তাকে আটক করা হয়।
সংঘর্ষে র্যাবের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকবর আলী ও কনস্টেবল হাসিবুল ইসলাম লাঠির আঘাতে আহত হন।
কামাল হোসেন আরো জানান, ঘটনাস্থল থেকে একটি আধুনিক শাটারগান, এক রাউন্ড গুলি, ২০ বান্ডিল জাল ডলার এবং বিভিন্ন মূল্যমানের ডলারের ১৩টি নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো মামলা হয়নি, বলেন তিনি।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24