রাঙামাটি, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১১টার দিকে বন্দুকভাঙ্গা ইউনিয়নের মগপাড়া এলাকায় এ হামলা হয় বলে পুলিশ ও ইউপিডিএফ জানিয়েছে।
এরা হলেন সাপছড়ি ইউনিয়নের আমছড়ি গ্রামের বিন্দুলাল চাকমা (২৮) ও কাউখালী উপজেলার হারাঙদোর এলাকার শরবিন্দু চাকমা (২৮)।
ইউপিডিএফ জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিভাগের সাধারণ সম্পাদক সোনামণি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মগপাড়ায় একটি বাড়িতে সাংগঠনিক কাজ করছিলেন বিন্দুলাল ও শরবিন্দু।
এসময় ৭-৮ জনের একটি সশস্ত্র দল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সোনামণি চাকমা এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেন।
তবে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এর সঙ্গে জনসংহতি সমিতি কোনোভাবেই জড়িত নয়। মগপাড়ায় তাদের কোনো কার্যক্রম নেই বলে দাবি করেন সজীব।
কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মগপাড়া থেকে লাশ দু'টি উদ্ধার করেছে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
কী কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/সিএস/ডিডি/১৮১২ ঘ.
bdnews24