মঈনুল হক চৌধুরী
ও
প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে প্রার্থীদের কারো কারো আপত্তি থাকলেও নতুন এ পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ভোটাররা।
"ব্যালট পেপার ভাঁজের ব্যাপার নেই, সিল মারতেও হবে না। শুধু বোতাম চাপলেই শেষ। ভালোই হবে", বললেন ১৮ নম্বর ওয়ার্ডের ভোটার প্রসন্ন দাশ।
তার মতো নারায়ণগঞ্জের ৯টি ওয়ার্ডের লক্ষাধিক ভোটার রোববার সকাল ৮ থেকে ভোট দেবেন ইভিএমে।
এর আগে গত বছর জুনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার হলেও নারায়ণগঞ্জেই প্রথমবারের মতো বড় পরিসরে ব্যবহার করা হচ্ছে এ প্রযুক্তি।
এ নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান ইভিএমের পক্ষে কথা বললেও তার শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর মেয়র সেলিনা হায়াৎ আইভী এর কার্যকরিতা নিয়ে তার সন্দেহের কথা জানিয়েছেন ইসি আয়োজিত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে। বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার সরাসরি ইভিএমের বিরোধিতা করে বলেছেন, এ পদ্ধতিতে কারচুপি হবে বলেই বিশ্বাস করেন তিনি।
তবে শনিবার সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে দেখা গেল- কারো কারো মধ্যে দ্বিধা থাকলেও নতুন এ প্রযুুক্তির সঙ্গে পরিচিত হতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সবাই। আর এক্ষেত্রে তরুণ আর নারীরাই এগিয়ে আছেন।
অবশ্য কেউ কেউ বলেছেন, নতুন এ প্রযুক্তি চালু করার আগে নির্বাচনী এলাকায় আরো বেশি জনসচেতনতা তৈরি করা হলে ভোটারদের কারো মধ্যে কোনো 'সন্দেহ' থাকতো না।
রিটার্নি কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান বলছেন, ইভিএম ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ভোটার সচেতন করতে যথেষ্ট প্রচার চালানো হয়েছে।
"ভোটাররা ইভিএম ব্যবহারে এখন স্বচ্ছন্দ্য বোধ করবেন", বলেন তিনি।
তিনি জানান, ইতোমধ্যে নারায়ণগঞ্জে ইভিএম চলে এসেছে। বিকালের মধ্যে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করছে কি-না, তাও পরীক্ষা করে দেখা হয়েছে।
তিন প্রজন্মের 'ভোট প্রস্তুতি'
সত্তর বয়সী মাজেদা বেগম ইভিএম দেখেন নি, কোনো ধরনের মহড়াও দেননি। তারপরও রোববার তিনি ভোট দেবেন নতুন এ পদ্ধতিতে।
"আমি তো আগে ব্যালটে ভোট দিয়েছি। এবার বউমা আমাকে নিয়ে যাবে। টিপ দিয়েই নাকি ভোট দেওয়া যায়। ভালো তো, ঝামেলা কম মনে হয়।"
ইভিএম নিয়ে আগ্রহ থাকলেও মাজেদা বেগমের মেয়ে সেলিনা বেগমের 'ভোট' ব্যালট পেপারের পক্ষে।
"বয়স্করা তো ইভিএম বোঝে কম। একদিন মহড়া হয়েছে এখানে। অনেকে আবার সন্দেহও করে। ছেলে-মেয়েরা আবার এই পদ্ধতি চায়। আমি মনে করি, আরো প্রচার দরকার ছিল", বলেন তিনি।
অবশ্য সেলিনার ছেলে রায়হান হোসেন নতুন প্রযুুক্তির পক্ষে। তিনি বলেন, আগের যুগ নেই। মোবাইল-কম্পিউটার ব্যবহার করছে সবাই। আধুনিক প্রযুক্তিতে আসতেই হবে।
"ডিজিটাল বাংলাদেশ চাইলে মানসিকতাও সেরকম থাকতে হবে। আমরা প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবো। এটা ভালো উদ্যোগ। এখন যে ওয়ার্ডে ইভিএমে ভোট হচ্ছে না, তারা পরে আফসোস করবে।"
এবারই প্রথম ভোট দেবেন নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা ফেরদৌস ফারহানা স্বপ্না ও সাথী হোসেন। ইতোমধ্যে ইসির ইভিএম মহড়ায় অংশও নিয়েছেন তারা।
"এখানে ঝামেলার কিছু নেই। কারচুপিরও সুযোগ নেই। মাত্র ২০ সেকেন্ডে ভোট দেওয়া যাবে", স্বপ্না বলেন।
বেসরকারি সংস্থার কর্মী লতারানী দাসতো শুধু ইভিএমে ভোট দেওয়ার জন্যই বরিশাল থেকে নিজের এলাকা নারায়ণগঞ্জে এসেছেন।
তিনি বলেন, "নতুন পদ্ধতিতে ভোট। আগ্রহও বেশি।"
নারায়ণগঞ্জের নির্বাচনের জন্য প্রায় সাড়ে পাঁচশ' ইভিএম সরবরাহ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি।
আইআইসিটির পরিচালক অধ্যাপক লুৎফুল কবির জানান, প্রয়োজনীয় চাহিদার চেয়ে ৯০টি বেশি ইভিএম পাঠানো হয়েছে। এর ব্যবহার নিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
"ভোটারদের ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ। প্রতিটি ভোট কক্ষে কীভাবে ভোট দেবে তার লিফলেট থাকবে। কোনো ধরনের ঝামেলার আশঙ্কা নেই।"
একই ধরনের মত প্রকাশ করলেন নির্বাচন পর্যবেক্ষণে থাকা সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নির্বাহী সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ।
তিনি বলেন, "ইভিএম নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে যারা ইভিএম পাহারা দেবে, তারা কতোটুকু তা করতে পারবেন, কেউ কেন্দ্র দখল করবে কি না, জোর করে ভোট দেওয়া হয় কিনা- এগুলো এবার বোঝা যাবে।"
নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে ছয়জন এবং কাউন্সিলর পদে ৩১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/জেকে/১৪৩৮ ঘ.
bdnews24