২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সুষ্ঠু নির্বাচনের শতভাগ ব্যবস্থা হয়েছে'

সেনা মোতায়েন না হলেও নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য 'শতভাগ' ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 07:50 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা মোতায়েন না হলেও নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য 'শতভাগ' ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান। শনিবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, "এখন আমাদের প্রধান কাজ হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছানো। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তা নিশ্চিত করেছি। বিকালে সব পৌঁছে যাবে।" নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। রিটার্নিং কর্মকর্তা জানান, বেলা সাড়ে ১১টা থেকে নারায়ণগঞ্জ শহরের শহীদ জিয়া হল থেকে নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানোর কাজ শুরু হয়। সব এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে-সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান ইসির এ যুগ্ম সচিব। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও ৩৬টি বিচারিক দল টহলে থাকছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রোববার ভোট সামনে রেখে শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের কথা থাকলেও তা না হওয়ায় দিনভর অনিশ্চিয়তা চলে। এ বিষয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করে সিইসি শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন চাইলে সরকার সাংবিধানিকভাবে সেনা দিতে বাধ্য। তারপরও সময়মতো সেনা মোতায়েন হয়নি। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ নিয়ে আপত্তি না তুললেও তার দুই শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী এবং তৈমুর আলম খন্দকার ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিশ্বাস লুৎফুর রহমান বলেন, "সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সার্বিক পরিস্থিতি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করেছি। ভোটাররা নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরতে পারবেন।" ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সার্বিক ব্যবস্থাপনাও চূড়ান্ত হয়েছে বলেও রিটার্নিং কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/এসআই/জেকে/১৩৪০ ঘ.