ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত এক যুবক শনিবার ভোরে হাসপাতালে মারা গেছে। এদিকে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিতে আহত হয়েছেন এক মাছ বিক্রেতা।
ডেমরা থানার ওসি নুরুল মুত্তাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় কামারভোগ কবরস্থান রোডের পিছনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন ডেমরা লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিক মো. লিটন (৩০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তার।
লিটনের মা তারা বানু হাপসাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সজল নামের এক স্থানীয় যুবক লিটনকে ডেকে নিয়ে ছুরি মারে।
ওসি নুরুল মুত্তাকিম বলেন, "ঘটনা সম্পর্কে আমরা জানি। কিন্তু থানায় এখনও কেউ যোগাযোগ করেনি।"
লিটনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এদিকে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাফিজুর রহমান (৪৫) নামের এক মাছ বিক্রেতা আহত হয়েছেন শনিবার ভোরে।
পুলিশ জানায়, শনির আখড়ার বাসা থেকে রিকশায় করে যাত্রাবাড়ি মাছের আড়তে যাওয়ার সময় শেখদি এলাকায় ছিনতাইকারীরা হাফিজকে ছুরি মেরে পনের হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে লিটন নামের এক পথচারী তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাফিজ যাত্রাবাড়ি থেকে মাছ কিনে ঘুরে ঘুরে বিক্রি করেন। ছিনতাইকারীরা তার পেটে ছুরি মারে।
এর আগে ১৬ অক্টোবর ভোরে যাত্রাবাড়ি শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের গলিতে নুরুল ইসলাম নামে আরেক মাছ বিক্রেত ছিনতাইকারীর ছুরিতে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৪২ ঘ.
bdnews24