ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপক্ষীয় বাণিজ্য, বিদ্যুৎ ও ট্রানজিট সহযোগিতা উন্নয়নের পথ উন্মোচন করায় ভারত ও বাংলাদেশের জন্য সামনে এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রাজীত মিত্র।
বিদায়ের আগে শুক্রবার বিকালে ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে অনেক অগ্রগতি হয়েছে। সহযোগিতার রূপরেখা চুক্তির আওতায় পারস্পারিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।"
২০০৯ সালে ঢাকায় কাজে যোগ দেওয়া রাজীতের বাংলাদেশে দায়িত্বের মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। আগামী ১ নভেম্বর তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। অবশ্য এখনো নতুন হাই কমিশনারের নাম ঘোষণা করেনি নয়া দিল্লি।
রাজীত মিত্র বলেন, দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতার রূপরেখা চুক্তিতে সই করেছেন এবং তাতে যৌথ নদী ব্যবস্থাপনা ও আঞ্চলিকভাবে বিদ্যুৎ উৎপাদনসহ নানা ক্ষেত্রে সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারতীয় এ কূটনীতিক বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সুসম্পর্ক নিশ্চিত করতে অনেক কিছুই করা হচ্ছে। তবে তাতে দুদেশেরই স্বার্থ রক্ষা না হলে এ প্রচেষ্টা সফল হবে না।
বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে গত তিন বছরে বাংলাদেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান রাজীত। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সুসম্পর্ক চায় ভারত।
তিস্তা পানি বণ্টন চুক্তি
তিস্তা চুক্তি না হওয়া বাংলাদেশের জন্য ছিলো হতাশাজনক- এটা স্বীকার করে ভারতীয় হাইকমিশনার বলেন, শিগগিরই এ চুক্তি সই হবে বলে আশা করেন তিনি।
"শেষ মুহূর্তে এটা হয়নি বলে এটা শেষ হয়ে যায়নি।"
গত মাসে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জোরালো আপত্তির মুখে শেষ মুহূর্তে তা আটকে যায়।
রাজীত বলেন, পানি একটি স্পর্শকাতর ইস্যু এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলনেই এ চুক্তি হবে।
তিনি বলেন, "একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছি বলে আমাদের কিছুটা সময় প্রয়োজন।"
চুক্তি সইয়ের ক্ষেত্রে কী কী বিষয় বাধা হয়ে দাঁড়িয়েছিলো জানতে চাইলে তিনি বলেন, "এখানে অনেক বিষয় ছিলো। তাই কোনো একক বিষয়ের ওপর জোর দেওয়া যাবে না।"
ট্রানজিট
ভারত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ট্রানজিট ও ট্রানশিপমেন্ট ফি দিতে রাজি- এ কথার পুনরাবৃত্তি করে বিদায়ী এ হাইকমিশনার বলেন, এ বিষয়ে মতৈক্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে ভারত।
"আপনাদের সরকার মাশুল নির্ধারণে একটি কমিটি গঠন করেছে। কিন্তু আমরা এখনো এ বিষয়ে কোনো প্রতিবেদন পাইনি। ভারত যখন চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে তখন নতুন হারে মাশুল দিতে হবে।"
ট্রানজিট ও ট্রানশিপমেন্ট সুবিধা ব্যবসায়ীরা গ্রহণ করবে বলে মাশুল খুব বেশি হলে তারা এটা নিতে আগ্রহী হবে না মন্তব্য করে তিনি বলেন, "তারা ভালো ব্যবসা করতে পারলে অবকাঠামো উন্নয়নের জন্য সরকারকে চাপ দিতে পারবে।"
বিদায়ী এ কূটনীতিক বলেন, আশুগঞ্জ বন্দরের উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দেবে ভারত। এছাড়া আখাউড়া-আগরতলা রেল সংযোগ স্থাপন এবং ফেনী নদীতে সেতু নির্মাণে সহায়তার বিষয়টিও অনুমোদনের অপেক্ষায় আছে।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনের বাণিজ্য সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করে রাজীত মিত্র বলেন, ট্রানশিপমেন্ট শুরুর আগেও একশ' থেকে দেড়শ' বাংলাদেশি ট্রাক আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা যেত এবং ত্রিপুরা থেকে প্রায় ১০টি ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢুকতো।
"বিশ্বায়নের এই যুগে মানুষ যেখানে কম দামে পবে সেখান থেকেই পণ্য কিনবে।"
"যৌথ উদ্যোগের ওপর ভবিষ্যৎ নির্ভর করছে। বাংলাদেশ ও ভারতের উদ্যোক্তারা যৌথভাবে বালাদেশে শিল্প-কারখানা গড়ে তুলে ভারত ও আন্যান্য দেশে পন্য রপ্তানি করতে পারে।"
বাংলাদেশের অনন্য ভৌগলিক অবস্থান রয়েছে মন্তব্য করে এই ভারতীয় কূটনীতিক বলেন, নেপাল, ভুটান, মায়ানমার ও চীনের সঙ্গে যুক্ত হতে পারে বাংলাদেশ।
দ্বিপক্ষীয় ও ট্রানজিট বাণিজ্যে ৯৫ শতাংশ নৌযান এবং ১০০ শতাংশ ট্রাক বাংলাদেশি মালিকানার এবং সেগুলো রপ্তানিতে ব্যবহৃত হচ্ছে।
মিত্র বলেন, "আমি চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেছি এবং তারা ভারতের সঙ্গে ব্যবসা করতে আগ্রহ দেখিয়েছে।"
বাণিজ্য
কিছু পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের তুলনামূলক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে এবং এদেশীয় ব্যবসায়ীরা ভারতে বাজার সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন রাজিত মিত্র।
তিনি বলেন, "ভারতে বাংলাদেশের রপ্তানি ৬৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে।"
"২০০৯ সালে আমি যখন আসি তখন ভারতে বাজারে বাংলাদেশের ৮০ লাখ পিছ তৈরি পোশাকের প্রবেশাধিকার ছিলো। তারপরেও প্রথম দুই বছরে বাংলাদেশ সেই কোটা পূরণ করতে পারে নি। এখন তো ভারতে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের কোনো বাধ্যবাধকতা নেই।"
"ভারত তার বাজারে বাংলাদেশের ৪৬ ধরনের তৈরি পোশাকের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দিয়েছে যা দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাবে", যোগ করেন তিনি।
বাণিজ্য অবকাঠামোর উন্নয়নে দুদেশের সরকারই কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
সীমান্তবিরোধ নিরসন
১৯৪৭ সাল থেকে ঝুলে থাকা সীমান্ত সমস্যার সমাধান দেশ দুটির ইতিহাসে এক বড় অর্জন বলে মনে করেন রাজীত মিত্র।
"দুদেশের সরকারের মধ্যে পারস্পারিক আস্থা থাকার কারণেই এটা সম্ভব হয়েছে।"
এ বিরোধ নিরসনে মনমোহন সিংয়ের ঢাকা সফরে দুদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তির ওপর প্রটোকল সই হয়।
দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে রাজিত বলেন, "পরীক্ষামূলকভাবে সীমান্তে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করা হচ্ছে।"
বিদ্যুৎ সহযোগিতা
রাজীত মিত্র বলেন, ভারত থেকে বাংলাদেশের ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার বিষয়ে খুব শিগগিরই ঢাকা ও নয়া দিল্লির মধ্যে একটি চুক্তি সই হবে এবং ২০১২ সালের শেষ দিকে বা ২০১৩ সালের প্রথম দিকে বাংলাদেশে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এছাড়া ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং উভয় পক্ষের সমান অংশীদারিত্বের ভিত্তিতে এটা নির্মাণ করা হবে।
ব্যক্তিগত স্মৃতি
দিল্লিতে বেড়ে ওঠা এই কূটনীতিক বলেন, ছেলেবেলায় উত্তরবঙ্গ ভ্রমণের স্মৃতি এখনো জীবন্ত হয়ে আছে।
দুই বছরে থাকার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথাই ঘুরেফিরে বলেন রাজীত মিত্র।
"এটা ছিলো আমার নিজের বাড়ির মতো এবং আমি অনেক জায়গায় বেড়িয়েছি। ঢাকার বাইরে পা রাখলেই সৌন্দর্য্যে প্রাণ জুড়িয়ে যায়। আমরা নৌকায় চড়ে নদীতে অনেক সময় পার করেছি এবং তখন দেখেছি এ দেশের সৌন্দর্য," বলেন রাজীত।
বাংলাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রচনার কথা স্মরণ করেন কলকাতার রাজীত। বলেন, "বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়েই আমি ভারতে ফিরে যাচ্ছি।"
পেশাদার কূটনীতিক রাজীত ১৯৭৭ সালে ভারতের পররাষ্ট্র বিভাগে যোগ দেন। কাজ করেছেন বাগদাদ, লন্ডন, বেলগ্রেড দূতাবাসে। বাংলাদেশে আসার আগে বসতোয়ানা ও ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন তিনি।
কেমব্রিজ থেকে ইতিহাসে পোস্ট গ্র্যাজুয়েশন করা রাজীতের জন্ম ১৯৫১ সালে কলকাতায়। পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজে। তার স্ত্রী কবিতা মিত্র। তারা আশীষ ও রাধিকা নামে দুই সন্তানের জনক-জননী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এএইচ/এমআই/০০৩৭ ঘ.
bdnews24