ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনসহ সাত দফা দাবিতে সুনামগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে চার দিনব্যাপী এই লংমার্চ শুরু হয়। শুক্রবার বিকালে গাজীপুর, ২৯ অক্টোবর ময়মনসিংহ, ৩০ অক্টোবর নেত্রকোণা এবং ৩১ অক্টোবর বাদশাগঞ্জে জনসভা করবে এই কমিটি।
লংমার্চ শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, "এই সুনেত্র (সুনামগঞ্জ-নেত্রকোনা) ও রশিপুর গ্যাসক্ষেত্র জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সের আবিস্কার। অথচ সক্ষমতার প্রশ্ন তুলে এই গ্যাসক্ষেত্রগুলোও বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে।"
তাদের অন্য ছয় দাবি হলো- চলতি সংসদ অধিবেশনেই সংসদে খনিজসম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস, বিদেশি কোম্পানির সঙ্গে আর উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) না করা, প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ পদ্ধতিতে কয়লা উত্তোলন, কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন এবং বড়পুকুরিয়া খনি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া।
ইতোমধ্যে প্রথমবারের মতো ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ (থ্রিডি সিসমিক সার্ভে) করে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ নতুন করে শনাক্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
এ ছাড়া আগামী নভেম্বর-ডিসেম্বরে সুনামগঞ্জ-নেত্রকোণায় সুনেত্র গ্যাস ক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে পেট্রোবাংলা।
বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যাস উত্তোলন করলে দেশের চলমান গ্যাস এবং বিদ্যুত সঙ্কট কখনোই দূর হবে না- এমন আশঙ্কা ব্যক্ত করে আনু মুহাম্মদ বলেন, "বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যাস উত্তোলন করলে অনেক বেশি দামে তাদের কাছ থেকে নিজেদের গ্যাস নিজেদেরকেই কিনতে হয়। ভর্তুকিও বেশি দিতে হয়।"
জ্বালানি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বহুজাতিক কোম্পানিগুলোর পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। "এই কমিটি কোনো বিশেষজ্ঞ কমিটি নয়। তারা বহুজাতিকের দাস। তাই জনগণকেই জাতীয় সম্পদ পাহারার দায়িত্ব নিতে হবে।"
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থনীতিবিদ এম এম আকাশ, কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিমা আখতার হোসাইন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসের বাদশা, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক, গণতন্ত্রী বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৪৩৫ ঘ.
bdnews24