২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর স্টেশনে রবি'র পানি পরিশোধন প্ল্যান্ট

ট্রেনের যাত্রীদের নিরাপদ সুপেয় পানিসেবা দিতে কমলাপুর রেলস্টেশনে পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করছে মোবাইল ফোন অপারেটর রবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনের যাত্রীদের নিরাপদ সুপেয় পানিসেবা দিতে কমলাপুর রেলস্টেশনে পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করছে মোবাইল ফোন অপারেটর রবি। বেসরকারি সংস্থা ওয়াটার এইডের কারিগরি সহায়তায় রবি তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসাবে এটি নির্মাণ করছে। বুধবার রবি আজিয়াটা লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কমলাপুর রেলস্টেশনে বুধবার দুপুরে প্ল্যান্ট উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের ও রবি'র চিফ ফাইনান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, ৫ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকটি ঘণ্টায় ৪ হাজার লিটার নিরাপদ সুপেয় পানির যোগান দিতে পারবে। এতে স্টেশনের ২৪ হাজার যাত্রী তাদের দরকারে পানি পিপাসা নিবারণ করতে পারবে। ট্যাংকটির সঙ্গে মোট ১০টি কলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি পুরুষদের, ৪টি মহিলাদের এবং ১টি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। প্ল্যান্ট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট সেগুফতা ইয়াসমিন সামাদ, ড. খাইরুল ইসলাম, কান্ট্রি রিপ্রেসেজেন্টেটিভ, ওয়াটার এইড বাংলাদেশ এবং রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ শাহজাহান। আলট্রা ভায়োলেট রশ্মি ব্যবহার করে পানি শোধনের পদ্ধতি মেমব্রেন ফিল্টারেশন ব্যবহার করা হয়েছে। এ বছরের মে মাসে কমলাপুর রেলওয়ে স্টেশনে রবি ও ওয়াটার এইড যৌথভাবে নিরাপদ পানি পানের চাহিদার বিষয়ে রেলওয়ে যাত্রীদের ওপর একটি জরিপ চালায়। জরিপে দেখা যায়, স্টেশনটি থেকে প্রতিদিন ৩৪টি ট্রেন ছেড়ে যায় যাতে প্রায় ২৪ হাজার যাত্রী ভ্রমণ করেন। সেখানে মাত্র ৪টি পানির কল ছিল যা দিয়ে এত লোককে পানি সরবরাহ করা কষ্টের ব্যাপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৩৩ ঘ.