২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানায় কর্মসংস্থানের দাবিতে অবরোধ

কর্মসংস্থান ও অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের দাবিতে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

হবিগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসংস্থান ও অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের দাবিতে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার দু'টি ইউনিয়নের কয়েকশ' নারী-পুরুষ আড়াই ঘণ্টাব্যাপী এ অবরোধে অংশ নেয়। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় তারা। দেশের অন্যতম বৃহৎ এই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে মার্কিন তেল-গ্যাস কোম্পানি শেভরন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের লোকজন বিবিয়ানা জনকল্যাণ পরিষদের ব্যানারে গ্যাসক্ষেত্রের প্রধান ফটক অবরোধ করে। এ সময় তারা চাকরি প্রদান ও অধিগ্রহণ করা জমির উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে স্লোগান দেয়। এ সময় গ্যাসক্ষেত্রের নিজস্ব নিরাপত্তা কর্মী ও পুলিশ প্রধান গেটে অবস্থান করছিল। সকাল ১০টার দিকে ইনায়েতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ও নবীগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দিন বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়। আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত দিনের মধ্যে বিষয়টি নিয়ে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত শেভরন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তিনি বলেন, শেভরন কর্তৃপক্ষ এলাকার বেকার যুবকদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন যাবত তা পূরণ করছে না। অধিকগ্রহণ করা জমির ন্যায্য মূল্যও তারা পায়নি। বিবিয়ানা জনকল্যাণ পরিষদ এর কোষাধ্যক্ষ বকুল দেবনাথ জানান, দীর্ঘদিন যাবত গ্যাস ফিল্ড এলাকার করিমপুর, কাকুড়া ও চানপুর গ্রামবাসী তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা বদর জানান, তারা অবরোধকারীদের দাবির সঙ্গে একমত। আগামীতে গ্যাসক্ষেত্রে যেসব নিয়োগ হবে সেখানে যোগ্যতার ভিত্তিতে স্থানীয়রাই চাকরি পাবেন। অবরোধ চলাকালে বক্তব্য দেন জনকল্যাণ পরিষদের উপদেষ্টা অধীর দাশ, ছুরুক মিয়া, আব্দুল আহাদ ভান্ডারী, সভাপতি মো. হোসেন খান, সহ-সভাপতি পারুল মিয়া, ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, অজয় রায়, বকুল দেবনাথ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩০ ঘ.