২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে গতিরোধক থাকবে না

গতি নিয়ন্ত্রণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন মহাসড়কে স্থাপিত গতিরোধকগুলোকে (স্পিড ব্রেকার) 'বিপজ্জনক' হিসেবে উল্লেখ করে তা অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতি নিয়ন্ত্রণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন মহাসড়কে স্থাপিত গতিরোধকগুলোকে (স্পিড ব্রেকার) 'বিপজ্জনক' হিসেবে উল্লেখ করে তা অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। ঢাকার রেল ভবনে বুধবার অনুষ্ঠিত সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করেন। আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র স্থাপিত গতিরোধকগুলো যানবাহন চলাচলের জন্য 'বিপজ্জনক'। তাই যানবাহন চলাচল এবং যাত্রীদের নিরাপত্তার কারণে এগুলো তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব স্থানে গতিসীমা সংক্রান্ত সাইনবোর্ড ও ট্রাফিক চিহ্ন স্থাপন করা হবে। প্রয়োজনে সড়কের ওপর সাদা রংয়ের চিহ্ন দেওয়া হবে।" তবে বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থান অথবা বাঁকগুলোতে ছোট ছোট গতিরোধক (র‌্যান্ডম স্পিড ব্রেকার) স্থাপন করা হবে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। গাড়িচালকদের লাইসেন্স প্রসঙ্গে আবুল হোসেন বলেন, গাড়ি চালনার সনদ (ড্রাইভিং লাইসেন্স) দেওয়া নিয়ে কিছু সমস্যা রয়েছে। এ সমস্যার বিষয়টি খতিয়ে দেখে করণীয় সম্পর্কে সুপারিশ করতে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কমিটিকে বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করে দেখতে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের আগামী সভায় উপস্থাপন করা হবে। সেখানেই করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন লিখিত পরীক্ষা ছাড়াই গাড়িচালকদের গাড়ি চালনার সনদ দেওয়ার দাবিতে আন্দোলন করছে। নৌমন্ত্রী শাজাহান খান এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন। তিনিও এ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে আবুল হোসেন বলেন, তাদের দাবির বিষয়ে আমি এখনো কিছু জানি না। কারণ দাবিনামা নোটিশ আকারে আমার কাছে পাঠানো হয়েছে বলে তারা দাবি করলেও আমি তা পাইনি। তাদের দাবিগুলো পেলে পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা করে আইনগতভাবে সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতেই তারা ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। আগের কিছু সিদ্ধান্ত রয়েছে, যা বাস্তবায়ন করা হয়নি। এগুলো বাস্তবায়ন না হওয়ার কারণ আগামী সভায় জানাতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এক্ষেত্রে কোনো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, সভায় বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে বসা হাট-বাজার অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ করা হবে। এসব সড়কের পাশে ভবিষ্যতে আর কোন বাজার বসার অনুমতি দেওয়া হবে না। বর্জ্য ও পরিত্যক্ত পানি অপসারণে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হবে। মহাসড়কগুলোতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে ওজন পরিমাপক যন্ত্র স্থাপন এবং ক্ষতিগ্রস্ত ও নষ্ট হওয়া যানবাহন অপসারণের রেকার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা যন্ত্র সরবরাহ করবেন। আর সরকার বসানোর স্থান দেবে। মুনাফা উভয়পক্ষ সমানভাবে পাবে বলে মন্ত্রী জানান। ঈদের আগে মহাসড়কগুলোর সংস্কারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, রাস্তাঘাটগুলো বর্তমানে অনেক ভালো আছে। কোনো অভিযোগ পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৭ ঘ.