ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মা কমলা খাতুন (৮৫) মারা গেছেন।
বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কিছুক্ষণের মধ্যে মরদেহ শাহজাহ্নাপুরের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে শাহজাহানপুরের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।"
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মির্জা আব্বাসকে গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন অশীতিপর কমলা খাতুন। তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এবং পরে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসা করানো হয়।
বিদেশে দীর্ঘ চিকিৎসার পর গত ১২ আগস্ট তাকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। গত কয়েকদিনে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
কমলা খাতুনের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক শোকবাণীতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারেরর সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৫২৬ ঘ.
bdnews24