ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যামামলায় হাইকোর্টের ভুয়া জামিন আদেশের অনুলিপি তৈরির বিষয়টি কীভাবে ঘটলো, তা গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে তদন্ত করতে বলেছে আদালত।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ নির্দেশ দেয়।
এ ভুয়া জামিন আদেশের অনুলিপি তৈরি করার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের কেউ জড়িত কি না, তা তদন্ত করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নিবন্ধককে। এ বিষয়টি গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমকে জানিয়ে তাকে সতর্ক থাকতেও বলা হয়েছে।
ভুয়া জামিন আদেশের অনুলিপিতে যে তিন আইনজীবীর নাম উল্লেখ রয়েছে, তাদের বিষয়েও তদন্ত করতে হবে সুপ্রিম কোর্টের নিবন্ধককে। আইনজীবীদের মধ্যে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াও রয়েছেন। অন্য দুজন হলেন- এ কে মুজিবুর রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার।
একটি হত্যামামলায় আসামিদের আট মাসের জামিন দেওয়া হয়েছে উল্লেখ করে হাইকোর্টের আদেশের একটি ভুয়া অনুলিপি তৈরি করে গাইবান্ধার বিচারিক হাকিম আদালতে জমা দেয় আসামি পক্ষ।
এ নিয়ে সন্দেহ হলে বাদি পক্ষ অনুসন্ধানে জানতে পারে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. নূরুজ্জামানের নামে তৈরি করা ওই জামিনের আদেশটি ভুয়া।
এরপর মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে সরকারি আইন কর্মকর্তা ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন তা আদালতের গোচরে আনেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিষয়টি তদন্তের আদেশ হয়।
জামিনের আদেশটি ভুয়া জানিয়ে আলতাফ সাংবাদিকদের বলেন, "এটি একটি রিট বেঞ্চ। এই বেঞ্চের জামিন দেওয়ার এখতিয়ার নেই।"
ভুয়া জামিননামায় আসামিদের জামিন আট মাসের জন্য বাড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
ভুয়া আদেশে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতির নাম নূরুজ্জামান মিয়া উল্লেখ করা হলেও হাইকোর্টে এ নামে কোনো বিচারপতি নেই।
আলতাফ জানান, এই বেঞ্চে গত ১৯ অক্টোবর পর্যন্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর সঙ্গে ছিলেন বিচারপতি মো. নূরুজ্জামান।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দিপুর গ্রামে গত ৮ মে একটি মারামারির ঘটনায় ১০ মে একটি মামলা হয়। পরে বাদিপক্ষের ইমদাদুল হক মিলন নামে আহত এক ব্যক্তি ১৩ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেলে এটি হত্যামামলায় পরিণত হয়।
মামলার বাদি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় তারা ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন। গত ২০ মে ১৬ আসামি হাইকোর্ট থেকে জামিন পায়। এরপর গত মাসে পুলিশ ২১ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র জমা দেয়।
মামলার ২০ আসামি সুন্দরগঞ্জ উপজেলার চান্দিপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন- আইয়ুব আলী, জব্বার হোসেন, আব্দুল মতিন, আব্দুল জলিল, আঙ্গুর মিয়া, আব্দুর রহমান, আমিনুল ইসলাম, সিদেক আলী, সবুজ মিয়া, আব্দুল খালেক, সাইফুল ইসলাম, আয়নাল, আবু বক্কার, তসলিম, হারুন মিয়া, মিন্টু মিয়া, খোকন মিয়া, রইস উদ্দিন, মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল জলিল। অন্য আসামি সাজু হাজি চাপাসিয়া গ্রামের বাসিন্দা।
বাদির ভাই ও ওই ঘটনায় আহত মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ অক্টোবর বিচারিক আদালতে শুনানিতে আসামি পক্ষ হাইকোর্ট থেকে জামিন নেওয়ার বিষয়টি উল্লেখ করে আদেশের একটি ফটোকপি আদালতে দাখিল করে।
"পরে আদালত আগামী ১০ নভেম্বর মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করে ওইদিন আদেশের মূল কপি নিয়ে আসতে বলে।"
রশীদ বলেন, জামিনের দ্বিতীয় আদেশটি নিয়ে আমাদের সন্দেহ হলে হাইকোর্টে এসে খোঁজ নিয়ে জানতে পারি, এটি ভুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/১৪৫২ ঘ.
bdnews24