বাগেরহাট, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ১৫ মণ মধু উদ্ধার করা হয়েছে।
উপকূল রক্ষী বাহিনী-কোস্টগার্ড জানায়, বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশন এলাকা থেকে এসব মধু উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে এসব মধু উদ্ধার করা হয়।
অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব মধু আহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা মধু বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা হাসানুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৪০৪ ঘ.
bdnews24