ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলার আসামিদের পক্ষে গাইবান্ধার একটি আদালতে হাইকোর্টের ভুয়া জামিন আদেশের অনুলিপি জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে মঙ্গলবার অভিযোগটি উপস্থাপন করা হয়। পরে আদালত এ বিষয়ে শোনার জন্য বুধবার দিন ধার্য করে।
অভিযোগটি উত্থাপনকারী ওই বেঞ্চের সরকারি আইন কর্মকর্তা ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি রিট বেঞ্চ। এই বেঞ্চের জামিন দেওয়ার এখতিয়ার নেই। এরপরও এই বেঞ্চ থেকে একটি হত্যা মামলার জামিন দেওয়া হয়েছে বলে ভুয়া আদেশের কপি বিচারিক আদালতে জমা দেওয়া হয়েছে। আদেশে আসামিদের এই বেঞ্চ আট মাসের জন্য জামিন বর্ধিত করেছে বলে উল্লেখ করা হয়।"
তিনি জানান, অনুলিপিতে বিচারপতি হিসাবে নূরুজ্জামান মিয়ার নাম উল্লেখ করা হলেও হাইকোর্টে এই নামে কোনো বিচারপতি নেই। এই বেঞ্চে গত ১৯ অক্টোবার পর্যন্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর সঙ্গে ছিলেন বিচারপতি মো. নূরুজ্জামান।"
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চান্দিপুর গ্রামে গত ৮ মে মারামারির ঘটনায় এ মামলাটি হয়েছিলো বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান। "প্রথমে মারামারি ঘটনায় মামলা হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।"
মামলার বাদী আব্দুর রশীদ বলেন, "ওই ঘটনায় আমরা ২৩ জনের বিরুদ্ধে মামলা করি। এই মামলায় ২০ মে ১৬ আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে যায়। এরপর গত মাসে দেওয়া ওই মমলার চার্জশিটে ২১ জনের নাম উল্লেখ করা হয়।
ওই ২১ আসামি হচ্ছেন, আইয়ুব আলী, জব্বার হোসেন, আব্দুল মতিন, আব্দুল জলিল, আঙ্গুর মিয়া, আব্দুর রহমান, আমিনুল ইসলাম, সিদেক আলী, সবুজ মিয়া, আব্দুল খালেক, সাইফুল ইসলাম, আয়নাল, আবু বক্কার, তসলিম, হারুন মিয়া, মিন্টু মিয়া, খোকন মিয়া, রইস উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল জলিল। এরা সবাই উপজেলার চান্দিপুর গ্রামের বাসিন্দা। অপর আসামি সাজু হাজির বাড়ি চাপাসিয়া গ্রামে।
বাদীর ভাই ও ওই ঘটনায় আহত মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরপর গত ২৩ অক্টোবর বিচারিক আদালতে শুনানিতে আসামীপক্ষ হাইকোর্ট থেকে জামিন নেওয়ার বিষয়টি উল্লেখ করে করে আদেশের একটি ফটোকপি আদালতে দাখিল করে।
"পরে আদালত আগামী ১০ নভেম্বর মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করে ওইদিন আদেশের মূল কপি নিয়ে আসতে বলে।"
রশীদ বলেন, জামিনের দ্বিতীয় আদেশটি নিয়ে আমাদের সন্দেহ হলে আজ হাইকোর্টে এসে খোঁজ নিয়ে জানতে পারি ওই জামিনের আদেশটি ভুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এএল/১০১৬ ঘ.
bdnews24