পাবনা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর চারজন হলেন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক রোন্টি (২৭), গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আপন (২৬), সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরমান (২৬) ও রাজন।
এই চারজনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদর থানার ওসি এনায়েত উদ্দিন সাংবাদিকদের জানান, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সজীব এবং সাধারণ সম্পাদক মামুনের সঙ্গে সহ-সাধারণ সম্পাদক রোন্টির মধ্যে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে সকাল ১১টার দিকে দু'গ্রুপের সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।
পরে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৩ ঘ.
bdnews24