২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ধর্মঘট শুরু বুধবার

তারেক মাসুদ ও মিশুক মুনীরের গাড়ি দুর্ঘটনার জন্য অভিযুক্ত বাস চালকের মুক্তির দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ফরিদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক মাসুদ ও মিশুক মুনীরের গাড়ি দুর্ঘটনার জন্য অভিযুক্ত বাস চালকের মুক্তির দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে বুধবার। সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। গত ১৩ অগাস্ট ঢাকা-আরিচা সড়কে মানিকগঞ্জের জোকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক ও মিশুকসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ বাসটির চালক জামির হোসেনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। তিনি এখন মানিকগঞ্জ কারাগারে আটক রয়েছেন। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহ্বায়ক এস এম শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিরের মুক্তির দাবিতে বুধবার ভোর থেকে ২১ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। তিনি বলেন, তিন মাসেরও বেশি সময় ধরে জামির কারাগারে আটক রয়েছেন। একাধিকবার তার জামিনের আবেদন নাকচ হয়েছে। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার জামিনের ব্যাপারে উদ্যোগের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা হয়নি। খুলনা বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান জানান, ঐক্য পরিষদ স্মারকলিপি দিয়ে তার জামিনের দাবি জানিয়েছিলো। কিন্তু জামিনের বিষয়টি একান্তই আদালতের ব্যাপার। এখানে তার করার কিছু নেই। তবে তাদের দাবির বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৬ ঘ.