ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ আলোকচিত্রী রশীদ তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে এক শোকবাণীতে তিনি মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও তার আত্মার মাহফেরাত কামনা করেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই আলোকচিত্রী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আর্ন্তজাতিক 'পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড-২০১০' পুরস্কার লাভ করেন। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির একটি কর্মসূচির আওতায় প্রতিবছর বিশ্বের একজন সেরা ফটো সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়।
শোকবার্তায় খালেদা জিয়া বনার্ঢ্য জীবন-কর্মের কথা উল্লেখ করে বলেন, "৬৯'র গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে তার আলোকচিত্র মানুষকে অনুপ্রাণিত করেছে। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।"
শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমাবেদনা জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯২৭ ঘ.
bdnews24