২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে নাটোর সদরে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

নাটোর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃমিনাশক ট্যাবলেট খেয়ে নাটোর সদরে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ২৬ জনকে সদর হাসপাতাল এবং বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি স্বাস্থ্য কর্মীরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ট্যাবলেট খাওনোর পরপরই এ ঘটনা ঘটে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান। তারা জানান, সকালে সদর উপজেলার ৩৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১২ বছর বয়সী অন্তত ৫১ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৃমিনাশক ট্যাবলেটগুলোতে কোনো ত্রুটি নেই। খালি পেটে এ ধরনের ট্যাবলেট খেলে মাথা ব্যাথা ও বমি বমি ভাব হতে পারে। এদেরও তাই হয়েছে।" তিনি জানান, এতে বিচলিত হওয়ার কিছু নেই। সব শিশুই সুস্থ হয়ে উঠছে। হাসপাতালে ভর্তি হওয়া পাইকোড়দোল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমা খাতুন (১০) জানায়, ট্যাবলেট খাওয়ার পরপরই তার পেটে ব্যাথা শুরু হয়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্কুলের শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে আসে। পাইকোড়দোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন কুমার বিশ্বাস জানান, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরপরই শিক্ষার্থীরা পেটব্যাথা, মাথাধরা, বমি বমি ভাব ইত্যাদির কথা জানায়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে তিনি কয়েকজন চিকিৎসককে পাইকোড়দোল, জাঠিয়ান ও পিটিআই প্রাথমিক বিদ্যালয়ে পাঠান। এদিকে বাগাতিপাড়া উপজেলা ফাগুয়াড়দিয়াড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকমকে বলেন, তার স্কুলেরও ১৬ জন শিক্ষার্থীকে একই কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, ওই স্কুলের ৮-৯ জন শিক্ষার্থী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.