চট্টগ্রাম, অক্টোবর, ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নিউমার্কেট ও চকবাজার এলাকায় জাল সনদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলেন- কবির হাওলাদার (৩৫), শফিউল আলম (৫৫), এবং সাজ্জাদুর রহমান (৩২)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এস এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর নিউমার্কেট সংলগ্ন সিটি করপোরেশন সুপার মার্কেটের হানিম্যাক্স ফুডপার্কে অভিযান চালায় র্যাবের একটি দল।
"এসময় কবির হাওলাদারকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাসের একটি জাল সনদসহ আটক করা হয়।"
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জাল সনদ ব্যবসায়ী শফিউল এবং সাজ্জাদকে নগরীর চকবাজার শাহেনশাহ মার্কেটের ডিজিটাল কম্পিউটার নামে একটি দোকান থেকে কম্পিউটার ও জাল সনদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
নুরুল হুদা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে জাল সনদের ব্যবসা করে আসছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/১৮১৭ ঘ.
bdnews24