২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি ফিরিয়ে দিতে সড়ক বিভাগ ও শিশু একাডেমীকে নোটিশ

সড়ক ভবন ও শিশু একডেমীর দখলে থাকা সাড়ে ৯ একর জমি ও স্থাপনা সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে উকিল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবন ও শিশু একডেমীর দখলে থাকা সাড়ে ৯ একর জমি ও স্থাপনা সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে উকিল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ১৫ দিনের মধ্যে এর দখল বুঝিয়ে দিতে সোমবার ডাকযোগে পূর্ত সচিব, যোগাযোগ সচিব, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী, শিশু একাডেমীর পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠানো হয়েছে এ নোটিশ। এতে বলা হয়, ব্রিটিশ আমলে 'ভারত সম্রাটের' নামে রেকর্ড করা জমি- যেখানে গভর্নর হাউজ, পরে পূর্ব পাকিস্তান হাইকোর্ট স্থাপিত হয়, তা গত ১০ মার্চ হাইকোর্টের রায় অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্পত্তি। "শিশু একাডেমী ও সড়ক ও জনপথ বিভাগ আপিল করলেও পরে তা বাতিল হয়ে যায়। এরপরও এই দুই প্রতিষ্ঠান তাদের দখলে থাকা সম্পত্তি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেয়নি।" ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টকে ওই সম্পত্তি বুঝিয়ে না দিলে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। ওই জমির মধ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৭ দশমিক শূন্য নয় ৯ একর এবং শিশু একাডেমীর দখলে দুই দশমিক তিন সাত একর জমি রয়েছে বলেও নোটিশে জানানো হয়। গত ১০ মার্চ সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা ৯ দশমিক ৪৬ দশমিক একরসহ ৫৫ একর জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসাবে ঘোষণা করে হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে ওই সম্পত্তি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৭২০ ঘ.