নারায়ণগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে কোনো কেন্দ্রে কোনো ধরনের গোলযোগ হলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে রোববার নারায়ণগঞ্জের জিয়া হলে এক মতবিনিময় সভায় প্রার্থীদের উপস্থিতিতেই এ হুঁশিয়ারি দেন সিইসি।
সিইসি বলেন, নির্বাচনে কোনো প্রার্থী যদি ভয়ভীতি প্রদর্শন কিংবা কালো টাকার মাধ্যমে ফলাফল ভিন্নপথে নিতে চায় তাহলে কমিশন কঠোর আইনগত ব্যবস্থা নেবে।
এই নির্বাচনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপির পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে। বাংলাদেশে ইতিপূর্বে কোনো নির্বাচনে একটি অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর এত বেশি সদস্যকে মোতায়েন হয়নি বলে তিনি জানান।
সিইসি আরো বলেন, নির্বাচনের দিন একশ'টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয় এবং নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে বসে এসব সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভিডিও ক্যামেরাম্যান নিয়ে ঘুরবেন প্রার্থী ও তাদের সমর্থকরা আচরণবিধি লংঘন করছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আসা কর্মকর্তারা নারায়ণগঞ্জে তাদের পরিচয় গোপন রেখে গোয়েন্দাগিরি করছেন।
যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে সেখানেও সিসি ক্যামেরা থাকবে। বাইরে থেকে মনিটরে ফলাফল ঘোষণা সবাই দেখতে পাবে, বলেন তিনি।
সহিংসতা নিয়ন্ত্রণের জন্য ভোটের পরদিনও এলাকায় সেনাটহল থাকবে বলে সিইসি জানান।
মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বন্দর থানা এলাকায় ভোট কেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করলে শামসুল হুদা তাকে আশ্বস্ত করে এ কথা বলেন।
নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভী অভিযোগ করেন, নির্বাচনে প্রশাসনের কর্মকর্তারা প্রভাব খাটাচ্ছেন। তার সমর্থকদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।
আওয়ামী লীগের এ নেতা সরাসরি নাম না বললেও তার ইঙ্গিত ছিলো দলের আরেক নেতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে।
আইভী বলেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের খুব কাছাকাছি অবস্থান করা উচিত।
তিনি বন্দর থানার ওসি'র বিরুদ্ধে গভীর রাতে তার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া অভিযোগ করেন।
আইভী ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা দেখিয়ে বলেন, এই তালিকায় চাঁনমারী বস্তিতে এক হাজার ভোটার রয়েছেন, যাদের ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানিয়েছেন। নির্বাচন কমিশনকে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় শামীম ওসমান অভিযোগ করেন, তাকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে অন্য প্রার্থী প্রচার চালাচ্ছে। তা থামাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চান তিনি।
সাবেক সংসদ সদস্য শামীম অভিযোগ করেন, তার সমর্থক হিন্দু স¤প্রদায়ের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি বলেন, তার স্ত্রী ও ছেলেকে টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। ভোটারদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হচ্ছে ওসমান ঠেকাও। বিভিন্ন সংবাদমাধ্যমে এবং টকশোতে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি সিইসির উদ্দেশে বলেন, "আমাকে আশ্বস্ত না করলেও চলবে। আমি সরকার দলীয় প্রার্থী। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলছি। আপনি অন্য প্রার্থীদের আশ্বস্ত করুন, যাতে তারা নির্বাচনের পরে কোনো অভিযোগ তুলতে না পারে।"
সভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারসহ কাউন্সিলর প্রার্থীরা অংশ নেন।
তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে। তিনি সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নয় ওয়ার্ডের পরিবর্তে দুই ওয়ার্ডে ইভিএম ব্যবহারের অনুরোধ জানান।
মতবিনিময় সভার আগে সিইসি জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দু'টি সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ মেহেদী হাসান, পুলিশ সুপার শেখ নাজমুল আলম, রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে ছয় জন এবং কাউন্সিলর পদে প্রায় তিনশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৯৪৯ ঘ.
bdnews24