কুষ্টিয়া, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। নিহতরা ছিনতাইকারী দলের সদস্য বলে দাবি করেছে র্যাব।
কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ভাদালিয়া এলাকায় রোববার ভোররাতে ওই 'বন্দুকযুদ্ধ' হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-১২ এর কুষ্টিয়া ফাঁড়ির কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর থেকে অটোরিকশা ছিনতাই করে ৪-৫ জন ছিনতাইকারী রাতে কুষ্টিয়ায় আসছে বলে খবর এসেছিলো। এর ভিত্তিতে র্যাবের একটি দল ভাদালিয়া এলাকায় অবস্থান নেয়।
"রাত আড়াইটার দিকে ওই স্থান দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দেখে থামার জন্য র্যাব সদস্যরা সঙ্কেত দেয়। তখন দ্রুত চলতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এর ভেতর থেকে ৪-৫ জন আরোহী বেরিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়," বলেন তিনি।
প্রায় ২০ মিনিট 'বন্দুকযুদ্ধের' একপর্যায়ে দুই জন নিহত হলে তাদের সহযোগীরা পালিয়ে যায় বলে ক্যাপ্টেন মেহেদী জানান।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, দুইটি গুলির খোসা ও একটি ধারালো ছোরা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
লাশ দুটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24