ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী ও পঞ্চগড়ে শনিবার দু'টি সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে নরসিংদীর রায়পুরায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত হন চালকসহ তিনজন। আহত হন অন্তত ২০ জন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিন মোটরসাইকেল আরোহী।
নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নীলকুঠি এলাকায় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনায় নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে পুলিশের সুবেদার মজিবুর রহমানসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বিজয় বাসাক জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী বাস মিঠামইন পরিবহনের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মিঠামইন পরিবহনের চালকসহ তিনজন নিহত ও ২০ জন আহত হয় ।
তিনি জানান, এ সময় দুর্ঘটনাস্থলে কয়েকশ' গাড়ি আটকা পড়ে। পরে গাড়ি দুটো সরিয়ে নিলে বিকাল ৪টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
ক্ষতিগ্রস্ত বাস দু'টিকে আটক করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, সকালে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের রণচ-ী বিজিবি ক্যাম্পের সামনে দুর্ঘটনায় নিহত হন আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের মো. রাসেল (২৬), সিরাজগঞ্জের বাঘাবাড়ি এলাকার ফারুক হোসেন (৩৭) ও পঞ্চগড়ের মো. মাসুম (১৬)।
তেঁতুলিয়া থানার ওসি মাহাবুব-উল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে আটোয়ারী থেকে মোটরসাইকেলে এই তিনজন বাংলাবান্ধা যাচ্ছিলেন।
পথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে বলে জনিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরআরডি/ডিডি/১৮১৩ ঘ.
bdnews24