২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় টিভির খবর দিল্লি হামলায় বাংলাদেশের সাবেক সেনা'

দিল্লি হাইকোর্টে বোমা হামলা পরিকল্পনায় বাংলাদেশের এক সাবেক সেনা কর্মকর্তা জড়িত ছিলেন উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে একটি ভারতীয় টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

নয়া দিল্লি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিল্লি হাইকোর্টে বোমা হামলা পরিকল্পনায় বাংলাদেশের এক সাবেক সেনা কর্মকর্তা জড়িত ছিলেন উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে একটি ভারতীয় টেলিভিশন। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এনআইএ) কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার টাইমস নাউ টিভির এক প্রতিবেদনে বলা হয়, হামলা পরিকল্পনায় জড়িত সেই ব্যক্তি এক সময় বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদের কর্মকর্তা ছিলেন। গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের প্রধান ফটকে বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত ও অন্তত ৪৫ জন আহত হন। ওই হামলায় জড়িত সন্দেহে চলতি মাসের শুরুতে এক কাশ্মিরী শিক্ষার্থীকে আটক করে এনআইএ, যিনি বাংলাদেশের একটি মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। টাইমস নাউ টিভির খবরে বলা হয়, ওয়াসিম আকরম মালিক নামের সেই কাশ্মিরী ছাত্রের দেওয়া তথ্য থেকেই হামলা পরিকল্পনায় বাংলাদেশের এক সেনা কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি গোয়েন্দারা জানতে পেরেছেন। গত ৭ অক্টোবর মালিককে আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই সপ্তাহের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এনআইএ কর্মকর্তারা শুক্রবার তাকে আবারো আদালতে হাজির করলে আদালত আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার এলাকার এক সরকারি কর্মকর্তার ছেলে ওয়াসিম মালিক বাংলাদেশে সিলেটে একটি মেডিকেল কলেজে পড়ছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ বলছে, ওয়াসিমের ভাই জুনাইদকেও তারা খুঁজছে। জুনাইদ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য। ওয়াসিমের বাবা রিয়াজ উল হাসান মালিক ভারতের ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের একজন কর্মকর্তা এবং মা শামীমা বেগম কিশতওয়ারের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা। রিয়াজ ও শামীমার অভিযোগ, এনআইএ কর্মকর্তারা তাদের ছেলেকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। দিল্লি হাইকোর্টের প্রধান ফটকে ওই হামলার পর গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় দায় স্বীকার করে আরেক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে ওই ইমেইল পাঠানো হয়েছে বলে তদন্তে প্রমাণিত হলে তদন্তের মূল কেন্দ্র হয়ে ওঠে কিশতওয়ার এলাকা। সেখান থেকেই আমির আব্বাস ও আবিদ হুসেইন নামে আরো দুই যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় গোয়েন্দারা। রিয়াজ সাংবাদিকদের বলেন, কিশতওয়ার পুলির্শর্র্র্ কতৃপক্ষ তাকে চিঠি দিয়ে জানিয়েছিল যে, দিল্লিতে হামলার ঘটনায় এনআইএ ওয়াসিমকে জিজ্ঞাসাবাদ করতে চায়। বাংলাদেশে অবস্থানরত ওয়াসিমের সঙ্গে টেলিফোনে গোয়েন্দা কর্মকর্তাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যও তাকে অনুরোধ করা হয়। তদন্তে সহযোগিতা করতে রাজি হয়ে ছেলেকে দেশে ফিরে আসতে বলেন রিয়াজ। দিল্লি বিমানবন্দর থেকেই ওয়াসিমকে তুলে দেন এনআইএ কর্মকর্তাদের হাতে। ২০১০ সালের নভেম্বরে ওয়াসিম মালিকের বাবা জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে অভিযোগ করেন, তাদের ছোটো ছেলে জুনাইদকে হিজবুল মুজাহিদিন জঙ্গিরা অপহরণ করেছে। তার অভিযোগের তদন্ত করতে গিয়ে এ সন্ত্রাসী সংগঠনের কর্মী সংগ্রহ প্রক্রিয়ার তথ্য পায় পুলিশ। সনাক্ত করা হয় হিজবুল মুজাহিদিনের তিন কর্মীকে। তাদের মধ্যে আজহার আলী নামে একজনকে গ্রেপ্তার করা হলেও জুনাইদের খোঁজ পায়নি। পুলিশের ধারণা, জুনাইদও ওই সংগঠনের সদস্য। কাশ্মীরের একটি কারাগারে বন্দি আজহার আলীকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই দিল্লি হাইকোর্টে বোমা হামলার সঙ্গে ওয়াসিমের যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করে এনআইএ। ওয়াসিমের পরিবার বলছে, দিল্লি হাইকোর্টে ওই বিস্ফোরণের দিন তিনি কিশতওয়ারে ছিলেন। প্রমাণ হিসেবে ওইদিন এটিএম বুথ থেকে তার টাকা তোলা এবং বিপনীবিতানে কেনাকাটা করার কথা বলছেন তারা। "আমার ছেলে নিষ্পাপ। হামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই", বলেন শামীমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২১৩১ ঘ.