বাগেরহাট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুন্দরবনে বৃহস্পতিবার ঘাস কাটার সময় বাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই সময় তার ছেলে আহত হয়েছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের জংড়া ফরেস্ট ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন মংলা উপজেলার কানাইনগর গ্রামের অমূল্য সরকার (৬০)। আহত হন অমূল্য সরকারের ছেলে অপূর্ব সরকার (৩৫)।
করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, অমূল্য ও তার ছেলে বন বিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনের ভিতর ঘাস কাটতে যান।
একটি বাঘ অমূল্য সরকারের উপর হামলা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় তাকে বাঁচাতে গেলে বাঘটি ছেলে অপূর্বকেও আক্রমণ করে।
গ্রেপ্তারের ভয়ে অপূর্ব অজ্ঞাত স্থানে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে আব্দুর রব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24