চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ব্যক্তি দলবল নিয়ে হামলা চালিয়ে স্ত্রী ও শ্বশুরকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার প্রথম প্রহরে পীরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- লাজের আলী (৫০) ও তার মেয়ে হাসেন বানূ (২৫)।
এ ঘটনায় জড়িত থাকার হাসেন বানুর স্বামী ময়েজউদ্দীনের চাচাত ভাই আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়েজের বাড়ি পাশের গ্রাম সূর্যপুরে।
নাচোল থানার পরিদর্শক সাঈদ ইকবাল সাংবাদিকদের জানান, রাত দেড়টার দিকে হাসেন বানুর স্বামী ময়েজ ৪/৫ জন লোক নিয়ে শ্বশুরবাড়ি যায়। তার ডাক শুনে লাজের আলী দরজা খুলে বেরিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বাবাকে রক্ষায় হাসেন বানু এগিয়ে গেলে তার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
সকালে পুুুুুুুুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সাঈদ ইকবাল জানান, ময়েজের সাথে শ্বশুরবাড়ির লোকজনের মামলা চলছিলো। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত লাজের আলীর ছেলে মুক্তারুল ইসলাম জানান, ময়েজের সঙ্গে ১৪ বছর আগে হাসেন বানুর বিয়ে হয়। তাদের ১৩ বছর বয়সি একটি ছেলে রয়েছে।
দাম্পত্য ভালো না যাওয়ায় হাসেন বানু বাবার বাড়িতে থাকছিলেন বলে মুক্তার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24