২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপি নেতা খুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বিএনপির এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

খুলনা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বিএনপির এক নেতা। নিহত মোদাচ্ছের হোসেন (৫১) দৌলতপুর থানা এলাকার মহেশ্বরপাশা খাদ্য গুদাম (সিএসডি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি নগরীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ ও বিএনপি নেতারা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর মহেশ্বরপাশার রানার মাঠ এলাকায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা মোদাচ্ছেরের ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ মোদাচ্ছেরকে মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু হাসপাতালে সাংবাদিকদের বলেন, স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন মোদাচ্ছের। পথেই তাকে গুলি করা হয়। মহেশ্বরপাশা খাদ্যগুদামে কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে বিএনপি নেতাদের অভিযোগ। তারা বলছেন, নির্বাচনে পরাজিত প্রার্থীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ বলছে, হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। এর আগে গত ২৫ জুন মহেশ্বরপাশা খাদ্য গুদামের শ্রমিক আবদুস সালামকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও তিন শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৪ ঘ.