ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে বিচারক নিয়োগে নীতিমালা না হওয়া পর্যন্ত হাইকোর্টের কোনো বিচারপতিকে সংবর্ধনা না দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
হাইকোর্টে নিয়োগ পাওয়া নতুন ১০ বিচারপতি বৃহস্পতিবার শপথ নেওয়ার পর দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আজ দশজন বিচারপতি শপথ নিয়েছেন। আমরা তাদের সংবর্ধনা দেইনি। নিয়োগ বিধিমালা যতোদিন না হচ্ছে, ততোদিন আমরা নতুন নিয়োগ পাওয়া কোনো বিচারপতিকে অভিনন্দন জানাবো না।"
সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুসারে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের সংবর্ধনা না দিয়ে এই সংবাদ সম্মেলন ডাকে বিরোধী দল সমর্থকদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, "আমাদের এই প্রতিবাদ ভবিষ্যতে আরো কঠোরভাবে আসবে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়োগের বিধিমালা করা নিয়ে আপিল বিভাগের একটি রায় আছে। সরকার আদালতের রায় দেখিয়ে যেখানে সংবিধান পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। সেখানে বিচারক নিয়োগে একটি নীতিমালা এখন পর্যন্ত করা হয়নি।
এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "প্রয়োজনে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া দশ বিচারককে শপথ পড়ান। চলতি মাসে দুই দফায় নতুন এই ১০ বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। 'অতিরিক্ত বিচারপতি' হিসাবে আগামী দুই বছর তাদের নিয়োগ কার্যকর থাকবে।
এদের মধ্যে মোহাম্মদ উল্লাহ, মো. মজিবুর রহমান মিয়া ও মোস্তফা জামান ইসলাম, এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের রিপন, মুহাম্মদ খুরশিদ আলম সরকার নিয়োগ পান গত চার অক্টোবর।
আর এ কে এম শহীদুল হক ও আবু তাহের মো. সাইফুর রহমান, সহিদুল করিম এবং মো. জাহাংগীর হোসেনের নিয়োগের আদেশ হয় বুধবার।
এই দশ জনকে নিয়ে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯৮ জনে।
খন্দকার মাহবুব সংবাদ সম্মেলনে বলেন, নীতিমালা না হলে স্বচ্ছতা রক্ষা করে বিচারক নিয়োগ দেওয়া যায় না। এ কারণেই তারা নীতিমালা চাইছেন।
"আর সর্বোচ্চ আদলতে দলীয়করণ হলে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে", যোগ করেন এই আইনজীবী নেতা।
আইনজীবী সমিতির সম্পাদক ব্যরিস্টার মো. বদরুদ্দোজা বাদলসহ সমিতির বিএনপি সমর্থক নেতারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা শপথের পরপরই এজলাসে বসেন। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক বেঞ্চে বেঞ্চে গিয়ে তাদের সংবর্ধনা দেন। সরকারি আইন কর্মকর্তা ও আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৪৪ ঘ.
bdnews24