২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জাল রুপিসহ পাকিস্তানি গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ৪৮ লাখ ভারতীয় জাল রুপিসহ এক পাকিস্তানি নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ৪৮ লাখ ভারতীয় জাল রুপিসহ এক পাকিস্তানি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশ বিমান বন্দরের এক নম্বর ক্যানপি ড্রাইভ ওয়ে'র উত্তর পাশে অভিযান চালিয়ে পাকিস্তানী নাগরিক শামীম নাজকে (৪৭) গ্রেপ্তার করে। এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৪৮ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। রাজধানীর মিন্টু রোডে মহানগর পুলিশের জনসংযোগ শাখায় এক সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে শামীম নাজ জানিয়েছে, পাকিস্তান থেকে প্রচুর পরিমাণ ভারতীয় জাল রুপি আবুধাবি হয়ে বাংলাদেশে আসছে। জাল রুপিগুলো বাংলাদেশ-ভারত সীমান্তের আশপাশে একাধিক চক্রের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিলো তার। শামীম নাজকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম নাজ নেপাল-আবুধাবি হয়ে বাংলাদেশে আসছিলো। এর আগেও তিনি বাংলাদেশ ও নেপালে জাল রুপির চালান নিয়ে এসেছিলো। শহিদুল্লাহ জানান, নাজের স্বামী বাংলাদেশে রয়েছেন এবং তিনিও এ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৬২৩ ঘ.