রাজশাহী ও নাটোর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চ ও জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বুধবার রাতে রাজশাহীর দুই স্থানে এবং নাটোরের একটি স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া।
রাজশাহী শহরের সাহেববাজারে মহানগর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিনু, পুঠিয়ায় জেলা সভাপতি নাদিম মোস্তফা এবং নাটোরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সমর্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি।
মিনু ও নাদিমের বিরোধের কারণে খালেদা জিয়ার ঘোষিত রোড মার্চ-পরবর্তী জনসভার স্থান রাজশাহীর পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়।
চাঁপাইনবাবগঞ্জে জনসভায় এ দুজন উপস্থিত ছিলেন না। তারা রাজশাহীর কাছে নিজ নিজ এলাকায় নেতা-কর্মীদের নিয়ে খালেদাকে শুভেচ্ছা জানান।
রাজশাহীর দুই স্থানে খালেদা জিয়া বলেন, "আমি রোড মার্চের জনসভায় বক্তব্য দিয়েছি। আজ কথা বলব না। আগামীতে রাজশাহীতে জনসভা করব। তখন আপনাদের এখানে আবার আসব।"
দুই স্থানেই তিনি গাড়ি থেকে বক্তব্য রাখেন। আগামীতে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান খালেদা জিয়া।
রাত ৮টা ২০ মিনিটে চাঁপাই নবাবগঞ্জ সার্কিট হাউজ থেকে খালেদা জিয়ার গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তাকে শুভেচ্ছা জানাতে রাজশাহীর জেলা শহরের প্রায় তিন কিলোমিটার পথের দুই পাশে হাজার হাজার মানুষ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-ছাত্র-ছাত্রী-কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন।
এরপর বিরোধী দলীয় নেতা নাটোরের ওপর দিয়ে যাওয়ার সময় জেলা কার্যালয়ের সামনে সেখানে নেতা-কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে নাটোরে জনসভা করব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৪৩ ঘ.
bdnews24