মুন্সীগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়া সি বোট ঘাট থেকে বুধবার রাতে ডাকাত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
এ সময় তাদের কাছ থেকে একটি শাটারগান ও চারটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
এরা হলেন মুন্সীগঞ্জের শ্রীনগরের দেউলভোগ গ্রামের আ. করিম (১৯), মাদারীপুরের শিবচরের নিলক্ষী গ্রামের মো. মুন্না (২৫), মো. আরিফ (২২) ও মো. জুয়েল (১৯)।
এছাড়া তাদের সঙ্গে থাকা আরো দুইজন পালিয়ে গেছে বলে আটকরা পুলিশকে জানিয়েছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. তায়েফুজ্জামান জানান, রাত সোয়া ৮টার দিকে ছয় ব্যক্তি মাওয়া সি বোট ঘাট থেকে মাঝিকান্দি যাওয়ার জন্য সি বোটে ওঠে।
এ সময় স্থানীয় জনতা ও ঘাটের সি বোট চালকরা কয়েকজন যাত্রীকে ডাকাত বলে সন্দেহ হলে তল্লাশি শুরু করে।
এক জনের ব্যাগ থেকে একটি শাটারগান এবং অপর তিন জনের কাছ থেকে চারটি ধারালো ছোরা ও একটি স্কচটেপ উদ্ধার করা হয়।
তল্লাশিকালে দু'জন পালিয়ে যেতে সক্ষম হয়।
বোট চলাকালে পথে যাত্রীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনা ছিল বলে তারা পুলিশকে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.
bdnews24