২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটে প্রাইভেটকার দায়ী: পবা

ঢাকা শহরে যানযটের জন্য ক্রমবর্ধমান প্রাইভেটকার দায়ী বলে মনে করে পরিবেশবাদি সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শহরে যানযটের জন্য ক্রমবর্ধমান প্রাইভেটকার দায়ী বলে মনে করে পরিবেশবাদি সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সরকারের কাছে শহরের বিভিন্ন রুটে গণপরিবহনভিত্তিক যাতায়াত ব্যবস্থারও সুপারিশ করেছে সংগঠনটি। ঢাকা শহরের বর্তমান অবস্থাকে যানজট না বলে 'গাড়িজট' বলা উচিত উল্লেখ করে পবার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম ফাহিম বুধবার বলেন, "যানজট নিরসনের নামে হাঁটা, রিকশা, বাস, সিএনজির মতো জনযাতায়াতের মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করা হলেও প্রাইভেটকার নিয়ন্ত্রণ হয়নি। "বরং প্রতিদিন ঢাকার রাস্তায় নতুন নতুন প্রইভেটকার নামছে।" তিনি বলেন, "ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডির জরিপ অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন এলাকার যাতায়াত ব্যবস্থায় ১৯ শতাংশ পায়ে হেঁটে, ২৮ দশমিক পাঁচ শতাংশ বাসে, ৩৮ দশমিক সাত শতাংশ রিকশায় এবং মাত্র ৫ দশমিক ২ শতাংশ প্রাইভেটকার ট্রিপ হয়ে থাকে।" যানজট নিরসনে সরকারের নেওয়া উড়ালসড়ক, মেট্রো রেল প্রভৃতি প্রকল্পকে 'উচ্চাভিলাসী' হিসেবে অভিহিত করেন মাহবুবুল। তিনি বলেন, "উড়ালসড়ক একটি প্রাইভেটকার নির্ভর যাতায়াত ব্যবস্থা। এছাড়া এ সড়ক ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি যানবাহনকে অর্থ দিতে হবে যা যাতয়াত ব্যায় বৃদ্ধি করবে।" মঙ্গলবার একনেকের নির্বাহী কমিটির সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প অনুমোদিত হয়। এ প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ২১৭ কোটি টাকা। পবার সভাপতি আবু নাসিফ খান বলেন, "বাংলাদেশের রেল, নৌ ও রেলপথের অবকাঠামো ভেঙে পড়ছে। এ খাতগুলো সংস্কার না করে মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পগুলো জনদুর্ভোগ বাড়িয়ে তুলবে।" বৈঠকে উপস্থিত লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বেহাল যোগাযোগ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বলে মন্তব্য করেন। পবা সরকারের উদ্দেশ্যে কিছু সুপারিশও উপস্থাপন করে। এগুলো হলো- ঢাকার বিভিন্ন রুটে গণপরিবহন ভিত্তিক যোগাযোগ প্রচলন, ব্যস্ত এলাকায় প্রাইভেটকার চলাচল নিষিদ্ধ করা, ফ্লাইওভার-মেট্রো রেলের মতো ব্যয়বহুল প্রকল্প বন্ধ করা, রেল ও নৌ যাতায়াতের সুবিধা বৃদ্ধি করা, এবং সমন্বিত যোগাযোগ নীতিমালা প্রণয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২০৪৮ ঘ.