২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকর্মী খুনের পর সিলেটে ভাংচুর-আগুন

ছাত্রলীগের এক কর্মী খুন হওয়ার পর সিলেট নগরীতে ব্যাপক ভাংচুর চালিয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠনটির কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

সিলেট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের এক কর্মী খুন হওয়ার পর সিলেট নগরীতে ব্যাপক ভাংচুর চালিয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠনটির কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় জিন্দাবাজার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ছাত্রলীগকর্মী আল মানুন। রাত সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মামুনের ওপর হামলাকারীরা ছাত্রদলকর্মী বলে দাবি করছে ছাত্রলীগ নেতারা। সোমবার বিকালে নগরীর জল্লারপাড়ে দুই ছাত্রদলকর্মীকে আটকে রেখে মারধর করে ছাত্রলীগকর্মীরা। এর জের ধরেই মামুনের ওপর হামলা হয় বলে দাবি ছাত্রলীগের। মামুনের মৃত্যুর পরপরই জিন্দাবাজার, রিকাবিবাজার, মির্জাজাঙ্গাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, তালতলাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ভাংচুর চালায় ছাত্রলীগকর্মীরা। কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে নগরীতে ছাত্রলীগকর্মীরা অন্তত অর্ধশত দোকানপাট ও বাসায় ভাংচুর চালায়। তালতলায় এক ছাত্রদলকর্মীর বাসার টিভি, রেফ্রিজারেটর, মটর সাইকেলসহ পাশের আরো তিনটি বাসায় ভাংচুর চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। জিন্দাবাজারে পাঁচটি মটর সাইকেলে আগুন দেওয়া হয়। ভাংচুর হয় অন্তত ১৫টি দোকান। ওসি বলেন, ওসমানী মেডিকেলে ভাংচুরের চেষ্টা করে ছাত্রলীগকর্মীরা। তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। তখন পুলিশের সঙ্গেও ছাত্রলীগকর্মীদের সংঘর্ষ বাঁধে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১১২২ ঘ.