২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানাকে নির্যাতনের প্রতিবেদন চেয়ে নতুন নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরের উপর নির্যাতনের ঘটনার তদন্ত শেষ করে আগামী ১৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরের উপর নির্যাতনের ঘটনার তদন্ত শেষ করে আগামী ১৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. নূরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেয়। বেঞ্চের সরকারি আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ওই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে ধানমণ্ডি থানা পুলিশকে নির্দেশ দিয়েছিলো। তবে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর হওয়ায় আদালত নতুন নির্দেশ দিয়েছে। সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে গত ১৫ জুন রুমানা মঞ্জুরকে নির্যাতনের ঘটনায় দায়ের মামলায় একমাত্র আসামি হাসান সাইদকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি- সরকারের কাছে তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। রুলের তিন ঘণ্টার মাথায় সাঈদ গ্রেপ্তার হন। পরের দিন আদালত রুমানা মঞ্জুরের এই ঘটনা পর্যবেক্ষণে রাখার ঘোষণা দিয়ে পুলিশের কাছে প্রতিবেদন চায়। গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। এরপর তাকে ল্যাবএইড ও ভারতে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে কানাডায় আছেন। ঘটনার পরদিন রুমানার বাবা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় হাসান সাইদকে আসামি করে একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯২৯ ঘ.