২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ঘেরাওয়ের ইঙ্গিত খালেদার

রোড মার্চ করে উত্তরাঞ্চলে যাওয়ার পর বগুড়ায় জনসভায় খালেদা জিয়া সরকার পতনে আগামীতে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

বগুড়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চ করে উত্তরাঞ্চলে যাওয়ার পর বগুড়ায় জনসভায় খালেদা জিয়া সরকার পতনে আগামীতে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ায় জনসভায় বিএনপি চেয়ারপারসন বলেন, "সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের হাতে দেশের স্বাধীনতা ও জনগণ আর নিরাপদ নয়। তাই আজ সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। তাদের পতন ও বিদায়ের জন্য ভবিষ্যতে এভাবে জনগণকে ঢাকার অভিমুখে এগোতে হবে।" মঙ্গলবার সকালে গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে বিকালে বগুড়া পৌঁছান বিরোধীদলীয় নেতা। পথে গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের ভুয়াপুর ও সিরাজগঞ্জে হাটিকুমরুলে পথসভা করেন তিনি। এসব পথসভায় বক্তব্যে সরকারের কড়া সমালোচনা করেন খালেদা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে উত্তরাঞ্চলে এ রোড মার্চ করছে চারদলীয় জোট। বগুড়ায় রাত কাটিয়ে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জনসভার মধ্য দিয়ে এ রোড মার্চ শেষ হবে। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এ জনসভায় বক্তব্য দিতে বিকাল ৫টায় মঞ্চে উঠেন খালেদা। ৪০ মিনিটের বক্তব্যে তিনি সরকারের বিরুদ্ধে অপশাসন ও দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি 'ব্যর্থতার' চিত্র তুলে ধরেন। এ ছাড়া যুদ্ধাপরাধের বিচারকে 'প্রহসন' বলেও মন্তব্য করেন তিনি। 'যুদ্ধাপরাধের বিচার গ্রহণযোগ্য নয়' দলীয় ব্যক্তিদের দিয়ে বর্তমান সরকার যুদ্ধাপরাধীর বিচার করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, "এটা বিচার নয়, প্রহসন। চার দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার এই বিচার করছে। এজন্য নিজামী সাহেব, মুজাহিদ, সাঈদী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।'' অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি। যুদ্ধাপরাধের 'প্রকৃত' বিচার চান- এমন বক্তব্য তুলে ধরে খালেদা বলেন, "বিচার হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনালের মাধ্যমে। সেখানে বিদেশি আইনজীবী নিয়োগের ব্যবস্থা রাখতে হবে।" একই সঙ্গে সরকারি দল ও পরিবারের মধ্যে থাকা 'যুদ্ধাপরাধীদের' গ্রেপ্তারেরও দাবি জানান বিরোধীদলীয় নেতা। '২১ অগাস্টের গ্রেনেড মামলা মিথ্যা' একুশে অগাস্ট গ্রেনেড হামলার মামলাকে 'মিথ্যা মামলা' হিসাবে আখ্যায়িত করে খালেদা বলেন, "তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। কেবল তাকেই নয়, চারদলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতা, পুলিশের সাবেক প্রধান, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরও এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। রিমান্ডে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার অপচেষ্টা চলেছে।" অভিযুক্ত আসামিদের অবিলম্বে মুক্তি ও সম্পূরক অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানান খালেদা। 'আ. লীগ থাকলে কিছুই হবে না' খালেদা নতুন প্রজন্মের প্রতি বলেন, "যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, ততদিন তোমাদের কিছুই হবে। আমরা ক্ষমতায় গেলে তোমাদের কর্মসংস্থানসহ সব কিছুই করবো। কারণ আমরা বিশ্বাস করি, এই তরুণ সমাজ আমাদের জন্য সম্ভাবনাময় একটি সস্পদ। এদের গড়ে তুলতে হবে।" তিনি তরুণ প্রজন্মের প্রতি ইতিহাস বিকৃতির তথ্য তুলে ধরে আরো বলেন, "জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আর তিনি বগুড়ার সন্তান।" সিরাজগঞ্জে পথসভায় তরুণ প্রজন্মকে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে খালেদা বলেন, "তোমাদের সঙ্গে নিয়ে এই তাবেদার-বেঈমানদের ক্ষমতা থেকে সরাবো। আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতে থাকবে। নতুন প্রজন্মের হাতে দেশ ও স্বাধীনতা নিরাপদ থাকবে।" পররাষ্ট্র নীতির সমালোচনা সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকারের কোনো পররাষ্ট্রনীতি নেই। অন্য দেশ আমাদের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করছে। প্রতিরক্ষা ও অর্থনীতির নিয়ন্ত্রণও তাদের হাতে। সরকার ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি। "এজন্য তারা শুল্ক ছাড়াই ট্রানজিট দিয়েছে। দেশের সীমান্তকে অরক্ষিত করে ফেলেছে। চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের মালামাল পরিবহনের জন্য দিয়ে দেওয়া হয়েছে।" 'বিডিআর বিদ্রোহের সুষ্ঠু বিচার হচ্ছে না' বিডিআর বিদ্রোহের সময়ে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনার বিচার হচ্ছে না- এমন অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, "এই হত্যার বিচার হচ্ছে না। প্রকৃত হত্যাকারীরা এখন ঘুরে বেড়াচ্ছে। অনেককে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যার জন্য বিডিআর হত্যার সুষ্ঠু বিচার হচ্ছে না।" সীমান্ত নিরাপত্তা ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 'দুর্নীতির কারণেই পদ্মায় অর্থায়ন বন্ধ' জনসভায় খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, "পদ্মাসেতু প্রকল্প সরকারের শীর্ষ পর্যায়ের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে। বিশ্বব্যাংক সরকারের শীর্ষ পর্যায়ের দুর্নীতির তালিকা সরকারের কাছে দিয়েছে। আমাদের কাছেও তা আছে।" পাশাপাশি মহাসড়কগুলোর বেহাল অবস্থার জন্য যোগাযোগমন্ত্রীসহ সরকারকে দায়ী করেন বিরোধীদলীয় নেতা। 'ওএসডিরা হতাশ হবেন না' সরকারের দলীয়করণের কারণে ৪৮০ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে- এমন অভিযোগ করে তিনি বলেন, "ওএসডি কর্মকর্তাদের বলতে চাই- আপনারা হতাশ হবেন না। কারণ এই সরকারের দিন শেষ হয়ে গেছে। বর্তমান সরকারের আমলে যারা ওএসডি হয়েছেন, আমরা ক্ষমতায় আসলে তাদের চাকরিতে পুনর্বহাল করব।" ' তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন' সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকার পদ্ধতি বাতিল করেছে- এমন অভিযোগ করে খালেদা হুঁশিয়ারি দিয়ে বলেন, "কোনো কিছুতেই কোনো লাভ হবে না। দলীয় সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।" পাশাপাশি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান তিনি। জেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, খেলাফত মজলিসের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ বক্তব্য দেন। উত্তরা থেকে বগুড়া মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকার উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে ২ হাজারেরও বেশি গাড়ির এই রোড মার্চ শুরু হয়। দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে পৌঁছে পথসভায় খালেদা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এরশাদকে নিয়ে নির্বাচন করার যে স্বপ্ন দেখছেন, সে গুঁড়েও বালি পড়বে। কালিয়াকৈর বাইপাস সড়কের সাহেব বাজারে এই পথসভা হয়। এর পরই তার গাড়ি বহর টাঙ্গাইলের পথে রওয়ানা হয়। ভুয়াপুরে পথসভায় বিএনপি চেয়ারপারসন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবির পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির চিত্র তুলে ধরেন। বেলা পৌনে ৩টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে পৌঁছে সেখানে তৃতীয় পথসভায় বক্তব্য দেন তিনি। সভায় বিরোধীদলীয় নেতা সরকারবিরোধী আন্দোলন জোরদারের অঙ্গীকার করে বলেন, "এ আন্দোলনে সরকার জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।" এ পথসভার পর বৃষ্টির মধ্যে গাড়িবহন নিয়ে বগুড়া রওনা হন তিনি। বিকাল ৫টার দিকে তিনি সরাসরি বগুড়ার জনসভাস্থল আফলাতুন্নেসা খেলার মাঠে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এএল/এমআই/০৯২৫ ঘ.