বরিশাল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির মামলায় তিনজনকে সাত বছর করে কারাদন্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় রানা মোল্লা ও রফিকুল ইসলাম ওরফে পেটকাটা সোহেলকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
দ-িতরা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের মো. আসলাম, শুভংকর চক্রবর্তী ও অধর বাড়ৈ।
রায় ঘোষণার সময় আসলাম ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৬ জুন রাতে মরিচবুনিয়া গ্রামের নিরোধ চন্দ্র হিরার ঘরে ডাকাত ঢুকে সবার হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে।
২৯ জুন শুভংকর চক্রবর্তী, ধীরেন্দ্র নাথ সাহা, অমল শীল ও মনোরঞ্জন শীলকে আসামি করে বানারীপাড়া থানায় মামলা করেন নিরোধ চন্দ্র হিরা।
২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর মো. আসলাম, শুভংকর চক্রবর্তী, অধর বাড়ৈ, রানা মোল্লা ও রফিকুল ইসলাম ওরফে পেটকাটা সোহেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭২২ ঘ.
bdnews24