২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়লো

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুল আলীমের জামিনের মেয়াদ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিনই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে বলা হয়েছে তদন্ত সংস্থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 06:33 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আব্দুল আলীমের জামিনের মেয়াদ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিনই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত সংস্থাকে। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দেয়। এতে বলা হয়, আসামি তার সুযোগ সুবিধার অপব্যবহার করছে না বলেই মনে হয়। তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষিতে তার জামিন ১৬ই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। একাত্তরে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের জামিনের মেয়াদ গত ১৬ অক্টোবর শেষ হয়। ওইদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জিয়াউর রহমানের আমলের এই মন্ত্রীর বিরুদ্ধে ওইদিনই তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। অবশ্য মঙ্গলবার আদেশের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না আলীম। তিন মাসের মধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা সম্ভব হবে কি না জানতে চাইলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলী সাংবাদিকদের বলেন, "ভবিষ্যতের কথা নিশ্চিত করে বলা ঠিক না।" আলীমের বিরুদ্ধে অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, "আমরা প্রচুর তথ্য পেয়েছি। খুব ভাল প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।" "মানবতাবিরোধী অপরাধে তার সরাসরি সম্পৃক্ততারও প্রমাণ পাওয়া গেছে," যোগ করেন প্রসিকিউটর। ১৬ জানুয়ারি পর্যন্ত জামিন পেলেও আলীমকে ২৩ অক্টোবর আবার ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তাকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে শুনানি হবে সেদিন। এ বিষয়ে হায়দার আলী বলেন, "যেহেতু আসামি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সেহেতু তাকে জিজ্ঞেস করলেই আসল ঘটনা সবচেয়ে ভাল জানা যাবে। আসল তথ্য বেরিয়ে আসবে। এটা শুধু এই আসামির জন্যেই প্রযোজ্য তা নয়। এ রকম যে কোনো আসামির জন্যেই তা ঠিক।" আলীমের শারীরিক অবস্থা ভালো নয় দাবি করে তার আইনজীবী তারিকুল বলেন, "উনার আর্থ্রাইটিস আর ডায়াবেটিস আছে। তাছাড়া তিনি পক্ষাঘাতগ্রস্ত। হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না।" তারিকুল জানান, সেফহোমে জিজ্ঞাসাবাদের বিষয়ে শুনানি ৩০ অক্টোবর পর্যন্ত মুলতবি রাখার আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিচারক এ বিষয়ে আদেশের আগে আলীমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ২৩ অক্টোবর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ মার্চ অশীতিপর এই বৃদ্ধকে ১ লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় ট্রাইব্যুনাল। সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া জামিনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে- আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে। ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না। গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্যও দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। যুদ্ধাপরাধে গ্রেপ্তার নেতাদের মধ্যে আলীমই প্রথম জামিন পান। গ্রেপ্তার অন্যরা হলেন- বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩০৫ ঘ.