যশোর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজিকে কেন্দ্র করে সোমবার যশোর শহরে পরিবহন শ্রমিকদের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
এ সময় ছয়টি বাস ও একই সংখ্যক বাস কাউন্টার ভাংচুর করা হয়। পরে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রায় আড়াইঘণ্টার এই সংঘর্ষ চলাকালে যশোর-বেনাপোল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
যশোর কোতয়ালি থানার ওসি আশরাফ হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানীয় সন্ত্রাসী মতি ও গাফফার গ্রুপ চাঁদাবাজি চালিয়ে আসছে। বিভিন্ন সময় এর প্রতিবাদ করেছে পরিবহন শ্রমিকরা।
এর জেরে সোমবার বেলা ১২টার দিকে টার্মিনালের বিআরটিসি কাউন্টারের সামনে মতি ও গাফফার গ্রুপের সদস্যরা একটি বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে।
খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ পবিরহন শ্রমিকরা এগিয়ে আসে। এক পর্যায়ে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়।
এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে র্যাব ও পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের।
আহতদের মধ্যে রয়েছেন মুন্না (৩০), সবুজ (২৫), বাবুল (৪৩), সোহাগ আলী (৩০), ইমরান (২৫), আল-আমিন (২৮), ইমন (২৪) ও তানভীর (৩২)।
তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24