২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামো উন্নয়নে তহবিল গঠন হবে: প্রধানমন্ত্রী

সারাদেশে অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার তহবিল গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার তহবিল গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের বিদায়ী রাষ্ট্রদূত ভারগেস ম্যাথিউস সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা বলেন, "সরকার সারাদেশে অবকাঠামোগত উন্নয়নের জন্য তহবিল গঠন করবে। এই তহবিলের অর্থ সড়ক ও রেলপথসহ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে।" সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় অবকাঠামোগত উন্নয়নে সিঙ্গাপুরের প্রতি বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহবান জানানো হয়। বাংলাদেশে অবস্থানকালে সরকারের সহযোগিতার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ভারগেস ম্যাথিউস। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। সাক্ষাতের সময় মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ জামান ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/২১৩০ ঘ.