ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের 'ভিত্তি' প্রমাণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা' মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগে এবং বিভিন্ন ক্যাটাগরির টেন্ডারে বিশেষ করে নির্মাণে অনিয়ম হচ্ছে বলে বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যাখ্যা উপস্থাপন করা হয় বৈঠকে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, "কিসের ভিত্তিতে অভিযোগ ছাপিয়েছে সংশ্লিষ্ট পত্র-পত্রিকার কাছে তার প্রমাণপত্র চাওয়ার সুপারিশ করা হয় বৈঠকে। উপযুক্ত প্রমাণপত্র দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় কমিটি।"
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টেন্ডার, নিয়োগ, টিআর ও কাবিখা কর্মসূচিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গত ০২ অক্টোবর সুপারিশ করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি।
অনিয়ম তদন্ত করে দুই মাসের মধ্যে কমিটিতে প্রতিবেদন দাখিলের জন্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) বলা হয়।
সোমবার কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মো. আতিউর রহমান আতিক, মো. মোজাহার আলী প্রধান, মো. আফজাল হোসেন এবং ইকবালুর রহিম বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১২৭ ঘ.
bdnews24