আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে উৎপাদিত বিদ্যুতের প্রায় ৫৬ শতাংশ সরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত হচ্ছে। তবে এ খাতে সরকারের নেওয়া পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে তা কমে দাঁড়াবে ৪২ শতাংশে।
ওই সময়ে বেসরকারি খাত থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে ৫৮ শতাংশ। এসব বিদ্যুৎকেন্দ্র থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে গিয়ে পিডিবিকে আর্থিকভাবে হিমশিম খেতে হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে সরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে ৫৬ শতাংশ এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।"
তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০১৬ সালে বেসরকারি খাত থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে ৫৮ শতাংশ এবং ৪২ শতাংশ উৎপাদন হবে সরকারি খাত থেকে।
ইতোমধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে গিয়ে চলতি বছরেই পিডিবি দুই দফা পাইকারি এবং এক দফা খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে।
পিডিবি চেয়ারম্যান বলেন, "বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানি তেল নির্ভর হওয়ায় ক্রমশ বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য গ্যাস সরবরাহের অপ্রতুলতার কারণে পিডিবি উচ্চমূল্যে বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছে।"
একক ক্রেতা হিসেবে পিডিবি সরকারি ও বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কিনে তা বিতরণকারী সংস্থাগুলোর কাছে বিক্রি করে থাকে।
জ্বালানি বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন সরকারি খাতের পরিবর্তে বেসরকারি খাত নির্ভর হয়ে পড়ার কারণে ভর্তুকির পরিমাণও বাড়তে থাকবে। এতে এ খাতে বিপর্যয়ের মুখে পড়বে। "
"কারণ বেসরকারি খাতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ জ্বালানি তেল নির্ভর। আর জ্বালানির তেলের দাম ক্রমান্বয়ে বাড়তে থাকায় এসব কেন্দ্রের উৎপাদন খরচও বাড়বে। এসব কেন্দ্র থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে সরকারকে ভর্তুকির পরিমাণও বাড়াতে হবে"
ইউনিটে এক বছরে বেড়েছে দেড় টাকা
বিইআরসির কাছে দেওয়া প্রস্তাবে পিডিবি বলেছে, ২০০৯-১০ অর্থবছরে ইউনিট প্রতি গড় সরবরাহ ব্যয় হয়েছে দুই টাকা ৬২ পয়সা এবং ২০১০-১১ অর্থবছরে এ সরবরাহ ব্যয় বৃদ্ধি পেয়ে চার টাকা ১৫ পয়সা হয়েছে। এর বিপরীতে বর্তমানে ইউনিট প্রতি গড়ে দুই টাকা ৮১ পয়সা দাম পাচ্ছে পিডিবি।
তবে তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০১১-১২ অর্থবছরে ইউনিট প্রতি গড় সরবরাহ ব্যয় চার টাকা ৮৬ পয়সায় দাঁড়াবে।
২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত আড়াই বছরে প্রায় অর্ধশত নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করা হয়েছে। এই সময়ে উৎপাদনে এসেছে ১৮টি।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের মধ্যে ১৪ হাজার ৭৭৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেয়। এর মধ্যে সরকারি খাত থেকে ৬ হাজার ২০৪ মেগাওয়াট এবং বেসরকারি খাতে থেকে ৮ হাজার ৫৬৯ মেগাওয়াট।
এ পরিকল্পনার আওতায় ২০১০ সালে জাতীয় গ্রিডে যুক্ত হয় ৭৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে সরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ছিলো ২৫৫ মেগাওয়াট ও বেসরকারি খাতে ছিলো ৫২০ মেগাওয়াট।
চলতি বছর জাতীয় গ্রিডে আরো ২৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা। এর মধ্যে সরকারি খাত থেকে ১১০৭ মেগাওয়াট এবং বেসরকারি খাত থেকে ১৩৪৩ মেগাওয়াট বিদ্যুৎ আসবে।
এছাড়া ২০১২ সালে ১৯০১ মেগাওয়াটের মধ্যে সরকারি খাতে ৫৮২ মেগাওয়াট ও বেসরকারি খাতে ১৩১৯ মেগাওয়াট, ২০১৩ সালে ২১৭৪ মেগাওয়াটের মধ্যে সরকারি খাতে ১০৪০ মেগাওয়াট ও বেসরকারি খাতে ১১৩৪ মেগাওয়াট, ২০১৪ সালে ২৩২৩ মেগাওয়াটের মধ্যে সরকারি খাতে ১২৭০ মেগাওয়াট ও বেসরকারি খাতে ১০৫৩ মেগাওয়াট, ২০১৫ সালে ২৩৫০ মেগাওয়াটের মধ্যে সরকারি খাতে ৪৫০ মেগাওয়াট ও বেসরকারি খাতে ১৯০০ মেগাওয়াট এবং ২০১৬ সালে ২৮০০ মেগাওয়াটের মধ্যে ১৫০০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা।
বর্তমান সরকার ২০০৯ সালে ৬ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে। ওইদিন বিদ্যুতের উৎপাদন ছিলো ৩২৭৬ দশমিক ৫ মেগাওয়াট। এরপর নতুন নতুন কেন্দ্র চালু হওয়ায় জাতীয় গ্রিডে যোগ হয় ২ হাজার ২৮৪ মেগাওয়াট বিদ্যুৎ। গত ২৯ অগাস্ট দেশে রেকর্ড ৫ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
দেশে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট। ফলে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াট ঘাটতি থেকে যাচ্ছে সব সময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০২০ ঘ.
bdnews24