ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের অব্যাহতি আবেদনের শুনানি হয়েছে সোমবার।
শুনানি শেষে ঢাকার নাজিম উদ্দিন সড়কের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বাকি আসামিদের পক্ষে অব্যাহতির শুনানির জন্য আগামি ২৩ অক্টোবর দিন নির্ধারণ করেন।
শুনানিতে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান বলেন, "ডিউকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঘটনার পর তিনি মাওলানা তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যেতে সহযোগিতা করেন। শুধু একজন সাক্ষী তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিতে ডিউকের কথিত সহযোগিতার কথা উল্লেখ করেন যার ভিত্তিতে তাকে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়।"
কিন্তু কীভাবে তাজউদ্দিনকে পালিয়ে যেতে সাহায্য করা হলো তা সুনির্দিষ্টভাবে সম্পূরক অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি।
ডিউকসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে সিআইডি গত ৩ জুলাই ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র দেয়।
নতুন যোগ হওয়া আসামিদের মধ্যে রয়েছেন- তারেক রহমান, খালেদার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকার কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বখশ চৌধুরী, সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান, সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন।
এছাড়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল বাবুর নামও আসামির তালিকায় রয়েছে।
সম্পূরক অভিযোগপত্রে নতুন ৩০ জনসহ দুই মামলায় মোট আসামি সংখ্যা ৫২ জন।
গত ১৩ অক্টোবর এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরীর অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়।
এ মামলার ১২ আসামি অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। তারা হলেন- খোদা বখশ চৌধুরী, পাকিস্তানি নাগরিক আবদুল মাজিদ ভাট, সাইফুল ইসলাম ডিউক, হরকাতুল জিহাদের নেতা শেখ আবদুস সালাম, আবদুল হান্নান ওরফে সাব্বির, হাফেজ ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মামুন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আব্দুর রহিম ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন আসামির বিরুদ্ধে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয় গত ৯ অক্টোবর।
এই মামলার প্রথম ও সম্পূরক অভিযোগপত্রের কারাবন্দি ৩২ আসামিকে কড়া নিরাপত্তায় বিশেষ এজলাসে হাজির করা হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হয় বহু নেতা-কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৩৬ ঘ.
bdnews24