ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বাংলাদেশির শিরোচ্ছেদের পর একটি আবেদনে সৌদি আরবে বন্দি ৫০০ জনকে ফেরত আনতে সরকারি পদক্ষেপ জানতে চেয়েছে আদালত।
মধ্যপ্রাচ্যের ওই দেশটির দাম্মাম কারাগারে ৫০০ বাংলাদেশি রয়েছে বলে গত ১৩ অক্টোবর একটি সংবাদপত্রে খবর ছাপা হয় । ওই খবরের ভিত্তিতে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বন্দি বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সোমবার আদেশ দিয়েছে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ।
একই সঙ্গে তাদের আনতে সরকারের 'নিষ্ক্রিয়তা' কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে।
আদালতে আবেদনটি পরিচালনা করেন আইনজীবী সাইফুর রশিদ ও অবন্তী নূরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
দৈনিক আমার দেশ'র প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের দাম্মাম জেলে পাঁচ শতাধিক বাংলাদেশি ধুকে ধুকে মরছে। বৈধ কাগজপত্র (আকামা) না থাকায় গ্রেপ্তার এসব বাংলাদেশির অনেকেই জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে।
এতে বলা হয়, বন্দিরা দেশে ফেরার পারমিট ও বিমান টিকিট পেলে সৌদি সরকার তাদের দেশে ফেরার অনুমতি দিতে রাজি থাকলেও বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের নির্বিকার ভূমিকার কারণে তা হচ্ছে না।
একটি হত্যামামলায় ৭ অক্টোবর সৌদি আরবে আট বাংলাদেশির শিরোচ্ছেদ হয়। সরকার অবশ্য দাবি করেছে, এ মৃত্যুদণ্ড ঠেকাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপই নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/এমআই/১৯২৩ ঘ.
bdnews24